২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দরাবাদে বোমা: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

ভারতের হায়দরাবাদে ২০০৭ সালে জোড়া বোমা হামলায় দোষীসাব্যস্ত ইন্ডিয়ান মুজাহিদিনের দুই সদস্য অনিক সাঈদ এবং ইসমাইল চৌধুরিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 08:06 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

সোমবার বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত এই রায় দেয়।

আরেক আসামি তারিক আঞ্জুমকে এদিন দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের জনপ্রিয় খাবারের দোকান ‘গোকুল চাট’ এবং উন্মুক্ত থিয়েটার ‘লুম্বিনি পার্কে’ প্রায় একই সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৪৪ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হন।

গত ৪ সেপ্টেম্বর পুনের কম্পিউটার দোকান মালিক অনিক (৩৬) এবং মোবাইল ফোনের মেকানিক ইসমাইলকে (৩৫) দোষীসাব্যস্ত করে আদালত।

আর সোমবার সকালে তারিককে দোষীসাব্যস্ত করা হয় বলে জানায় এনডিটিভি।

এ মামলার অন্য দুই অভিযুক্ত ফারুক শরফুদ্দিন ও মোহাম্মদ সাদিক ইসরার শেখকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়েছে।

তবে এই মামলায় খালাস পেলেও তাদের বিরুদ্ধে আরও মামলা থাকায় মহারাষ্ট্র কারাগার থেকে এখনই মুক্তি মিলছে না।

বাকি তিন অভিযুক্ত রিয়াজ ভাটকাল, ইকবাল ভাটকাল এবং আমির রেজা খান পলাতক আছে।

অনিকের আইনজীবী মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, “এটা খুবই দুর্বল বিচার হয়েছে। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।”