২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পার্থে এক বাড়িতে ৫ লাশ

অস্ট্রেলিয়ার পার্থ শহরের একটি বাড়িতে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য পুলিশ। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 03:30 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

মৃতদেহগুলোর মধ্যে নারী ও শিশুর লাশও রয়েছে বলে জানিয়েছেন তারা, খবর বিবিসির।

রাজ্য পুলিশের সহকারী কমিশনার পল স্টিল এ ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। এতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হওয়ার মতো কিছু নেই বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, এক ব্যক্তি আঞ্চলিক পুলিশ স্টেশনে উপস্থিত হওয়ার পর তার বক্তব্যের সূত্র ধরে পুলিশ বেডফোর্ডের কুড স্ট্রিটে গিয়ে লাশগুলো খুঁজে পায়।     

এ ঘটনার পর থেকে বয়সে ২০ এর কোঠায় থাকা ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃতরা পরস্পরের আত্মীয় কি না তা শেষ খবর পাওয়া পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি।

রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এক টুইটার পোস্টে গ্রেইস ফিটজগিবন নামে এক ব্যক্তি বলেছেন, “আজ বেডফোর্ডে প্রচুর পুলিশ এসেছে। তারা ‍কুড ও মুর স্ট্রিট ঘিরে রেখেছে এবং বড় ধরনের অপরাধের দৃশ্য উন্মোচন করেছে।”

পুলিশ কর্মকর্তা স্টিল লাশগুলো আবিষ্কারের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে এই শোকাবহ ঘটনা পুরো সমাজকে নাড়া দিবে বলে মন্তব্য করেছেন।

ফরেনসিক টিম ঘটনাস্থলে আছে এবং তদন্তকারীরা ঘটনাগুলোর সময়কাল বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।