২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই বসরা বিমানবন্দরে রকেট হামলা

বসরায় ইরাকের রাজনৈতিক অভিজাতদের বিরুদ্ধে চলমান প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই শহরটির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2018, 10:51 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

শনিবার বিমানবন্দরের সীমানার মধ্যে অজ্ঞাত হামলাকারীদের ছোড়া তিনটি কাতিউশা রকেট এসে পড়ে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরাকি নিরাপত্তা সূত্রগুলো।

তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যায়নি। বসরা বিমানবন্দরের পাশেই মার্কিন কন্স্যুলেটের অবস্থান।

রকেট হামলা হলেও এতে বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিশৃঙ্খলা ঘটেনি বলে জানিয়েছেন বিমানবন্দরটির এক কর্মকর্তা। ফ্লাইট যথারীতি ওঠা-নাম করেছে বলে জানিয়েছেন তিনি।

শহরজুড়ে জারি করা কারফিউ তুলে নেওয়ার কিছুক্ষণ পরই রকেটগুলো ছোড়া হয়।

আগেরদিন প্রতিবাদকারীরা ইরাকের প্রধান সমুদ্রবন্দর উম কসরের প্রবেশ পথে অবরোধ বসিয়ে বন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করে। উম কসর বন্দর পুনরায় চালু করার কয়েক ঘন্টা পর বিমানবন্দরে রকেট হামলা হয়।

শনিবার ফের জারি করা কারফিউ বিকাল ৪টা থেকে শুরু হলে বসরার সড়কগুলো ফাঁকা হতে শুরু করে, এরপর পরিস্থিতি পুরোপুরি শান্তরূপ ধারণ করে।

প্রতিবাদের আয়োজনকারীরা জানিয়েছেন, আগেরদিন রাতে প্রতিবাদের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে শনিবার আন্দোলনে সাময়িক বিরতি দেওয়া হয়েছে।

অবকাঠামো ভেঙে পড়াসহ বিভিন্ন অভিযোগে রাস্তায় নেমেছে প্রধানত শিয়া অধ্যুষিত বসরার বাসিন্দারা। কয়েক সপ্তাহ ধরে টানা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছে তারা। গত কয়েকদিনে যা তীব্র আকার ধারণ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষসহ বেশ কিছু প্রাণহানির কারণ হয়েছে।

এসব ঘটনার পর ২০ লাখ বাসিন্দার এই শহরটিতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শুক্রবার প্রতিবাদকারীরা ইরানি কন্স্যুলেটে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে এবং চিৎকার করে ইরানকে গালাগালি করে; ইরাকের রাজনৈতিক বিষয়ে ইরানের প্রভাববিস্তারই প্রতিবাদকারীদের এ উষ্মার কারণ বলে ধারণা বিশ্লেষকদের।

ইরাক ও ইরান, উভয়েই ইরানি কন্স্যুলেটে হামলার তীব্র নিন্দা করেছে।

একইদিন আরেক দল প্রতিবাদকারী ওয়েস্ট কুরনা টু তেলক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত পানিশোধন প্লান্টে প্রবেশ করে দুই ইরাকি কর্মীকে এক ঘ্ন্টার জন্য জিম্মি করে রাখে। পরে তারা শান্তিপূর্ণভাবে প্লান্টটি থেকে সরে যায়।

এ ঘটনায় উৎপাদনে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন তেলক্ষেত্রের এক ম্যানেজার।

শনিবার দিনের শুরুর দিকে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর ওই দিনই বসরার অপারেশন্স কমান্ড ও বসরার পুলিশের প্রধানকে বরখাস্ত করা হয়।

শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন প্রতিবাদকারী নিহত হয় ও আরও ৪৮ জন আহত হয়। আহতদের মধ্যে ২৬ জন গুলিবিদ্ধ। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়।  

সোমবার থেকে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর শুরু হওয়া সংঘর্ষে গত পাঁচ দিনে অন্তত ১৩ প্রতিবাদকারী নিহত ও বহু আহত হয়েছে।