এমিরেটস ফ্লাইটের অসুস্থ যাত্রীরা ফ্লু আক্রান্ত বলে সন্দেহ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবতরণ করা এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হঠাৎ অসুস্থ হওয়ার পর হাসপাতালে পাঠানো ১০ যাত্রী ফ্লু আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা ওই রোগীদের শ্বাসযন্ত্রের নমুনা পেয়েছেন বলে জানিয়েছেন।
তারা বলেন, ল্যাবরেটারি পরীক্ষায় রোগটি কি সে সম্পর্কে এখনো নিশ্চিত ফল পাওয়া না গেলেও রোগের লক্ষণ দেখে ইনফ্লুয়েঞ্জার মতই মনে হচ্ছে।
কাশি, জ্বর, বমি- এ সবই ইনফ্লুয়েঞ্জার লক্ষণ বলে জানান ডাক্তার অক্সিরিস বারবোট।
দুবাই থেকে রওনা দেওয়া এমিরেটস ফ্লাইট-২০৩ টানা ১৪ ঘণ্টা যাত্রার পর বুধবার কমপক্ষে ৫২১ যাত্রী নিয়ে সকাল ৯ টা ৬ মিনিটের দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পরই ফ্লাইটটির প্রায় ১শ’ আরোহী অসুস্থ বোধ করার খবর দেয় বলে জানায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। পরে নিউ ইয়র্ক মেয়রের কার্যালয় ফ্লাইটটির কমপক্ষে ১৯ জনের অসুস্থ হওয়ার খবর নিশ্চিত করে এবং তাদের ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায়। তারা কাশি এবং জ্বরে ভুগছিল।
নিউ ইয়র্ক সিটির ভারপ্রাপ্ত স্বাস্থ্য বিষয়ক কমিশনার ডাক্তার বারবোট বলেন, সম্প্রতি কয়েকদিনে কিছু যাত্রী মক্কায় হজ করেছেন। ওই অঞ্চলে ফ্লু ভাইরাসের প্রকোপ আছে। সেখান থেকেই তারা ফ্লু আক্রান্ত হয়ে থাকতে পারেন। আবার লম্বা সময়ের ফ্লাইটে যাত্রীদের মধ্যে ভাইরাস ছড়িয়েছে এমনও হতে পারে।
তিনি জানান, অসুস্থ যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল। কাউকেই খুব বেশি তদারকিতে রাখার প্রয়োজন নেই।
বারবোট বলেন, ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রোগের লক্ষণ প্রকাশ পেতে সাধরণত ১ থেকে ৭ দিন লাগে। আর ভাইরাস আক্রান্তদের রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই তাদের থেকে অন্যদের রোগ সংক্রমণ ঘটতে পারে।
