ইরাকের বসরায় ৫ প্রতিবাদকারী নিহত
ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর বসরায় প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পাঁচ প্রতিবাদকারী নিহত হয়েছে।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এ সংঘর্ষে আরও ১৬ প্রতিবাদকারী আহত হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য ও নিরাপত্তা সূত্রগুলো।
এ সময় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যও আহত হয় বলে জানিয়েছেন তারা। নিরাপত্তা বাহিনীর এসব সদস্যদের মধ্যে অনেকে হাতবোমা বিস্ফোরণে জখম হন।
ইরাকের উত্তপ্ত গ্রীষ্মকালে বিদ্যুৎ না থাকা, চাকরির অভাব, সরকারি সেবাগুলো ঠিকমতো না পাওয়া এবং ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবহেলিত ইরাকের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা কয়েক মাস ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এই এলাকাটি ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়াদের কেন্দ্রভূমি।
দীর্ঘদিন ধরে প্রতিবাদ চললেও সোমবার প্রথমবারের মতো প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে এক প্রতিবাদকারী নিহত হওয়ার পর অস্থিরতা আরও বৃদ্ধি পায়।
বসরার বাসিন্দাদের অভিযোগ, সাপ্লাইয়ের পানিতে লবন মিশে পানের অযোগ্য হয়ে পড়েছে, এর ফলে অসুস্থ হয়ে পড়া কয়েকশ মানুষকে হাসপাতালে পাঠাতে হয়েছে।
তারা বলেছেন, দেশের যে অংশটিতে তেল সম্পদের অধিকাংশই উত্তোলিত হয় সেখানকার অবকাঠামো ভেঙে পড়ার বিষয়টিতে নজর দিচ্ছে না সরকার।
সংঘর্ষ বিস্তৃত হতে থাকায় অস্থিরতার বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। প্রতিবাদের কারণ উদঘাটনের জন্য আশু তদন্ত শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মঙ্গলবার রাতে বসরার প্রাদেশিক সরকারের সদরদপ্তরের কাছে শত শত লোক জড়ো হয়। তারা দপ্তর ভবনগুলো লক্ষ্য করে পেট্রল বোমা ও পাথর ছুরে মারে এবং ওই সদরদপ্তরমুখি সড়ক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। কিছু প্রতিবাদকারী একটি দপ্তরের ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুড়ার পাশাপাশি প্রতিবাদকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
একই সময় প্রাদেশিক সরকারের সদরদপ্তরের বাইরে অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সেখানে সোমবার রাতে নিহত ইয়াসির মাক্কির জানাযায় অংশ নিতে মঙ্গলবার সকালে অনেক লোক জড়ো হয়েছিল।
পরিস্থিতির অবনতি হতে থাকায় বসরার নিরাপত্তা কর্মকর্তারা শহরজুড়ে কারফিউ জারি করেন, এরপর রাত ১১টার মধ্যে সরকারি দপ্তরগুলোর সামনে জড়ো হওয়া লোকজন সরে যায়।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরা শিয়া মতাবলম্বী ধর্মীয় নেতা মোকতাদা আল সদরের শক্তিকেন্দ্র। দুর্নীতিবিরোধী আন্দোলনকারী সদর বসরার প্রতিবাদকে সমর্থন করছেন বলে তার এক টুইট থেকে ধারণা পাওয়া গেছে।
ওই টুইটে তিনি প্রতিবাদ দমনে যে উপায় অবলম্বন করা হয়েছে তার সমালোচনা করে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য যে কৌশল ব্যবহার করেছে তার নিন্দা করেছেন।
আন্দোলনকারীদের তিনি ‘মর্যাদা নিয়ে বাঁচতে চাওয়া নিরস্ত্র প্রতিবাদকারী’ বলে অভিহিত করেছেন।
