ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে জরুরি অবস্থা
ক্রান্তীয় ঝড় গর্ডন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে আঘাত হানায় ওই অঞ্চলের লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার গর্ডন আলাবামা-মিসিসিপি সীমান্তের একটু পশ্চিমে ঘন্টায় ১১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে স্থলে উঠে এসেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেইন সেন্টার (এনএইচসি), খবর বিবিসির।
ঘন্টায় ১৪ মাইল বেগে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
গর্ডনের কারণে ‘প্রাণহানী’ হওয়ার মতো জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে এনএইচসি। বুধবার ঝড়টি দ্রুত দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে এনএইচসির পূর্বাভাসে বলা হয়েছে।
ঝড়টি এগিয়ে আসার আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের শহর নিউ অর্লিয়েন্সের বাসিন্দাদের পরামর্শ দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ।
শহরটির বাসিন্দাদের মোবাইন ফোন ও ল্যাপটপ চার্জ দিয়ে রাখতে ও রেডিওতে নতুন ব্যাটারি ভরে রাখতে বলেছে এনডব্লিউএস। ঝড়ের সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সতর্ক বার্তা পেতে এগুলো কাজে লাগবে বলে জানিয়েছে তারা।
নিউ অর্লিয়েন্সের মেয়র লাটোয়া ক্যানট্রেল বলেছেন, “বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কর্তব্য।”
২০০৫ সালে ভয়াবহ হারিকেন ক্যাটেরিনায় নিউ অর্লিয়েন্স শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
