ব্রাজিলে জাদুঘরে আগুন: দায়ী ‘তহবিল ঘাটতি’
ব্রাজিলের ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়াম পোড়ার পেছনে টাকার অভাবকেই দায়ী করেছেন সেখানকার কর্মকর্তারা।
রোববার রিও দে জেনেইরোর জাদুঘরটিতে লাগা আগুন আমেরিকা মহাদেশের নৃতত্ত্ব ও প্রাকৃতিক ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রহকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে।
এসব সংগ্রহের মধ্যে ‘লুজিয়া’নামে পরিচিত ১২ হাজার বছরের পুরনো এক নারীর দেহাবশেষও আছে; এটিই লাতিন আমেরিকায় পাওয়া মানুষের সবচেয়ে প্রাচীন দেহাবশেষ বলে বিবিসি জানিয়েছে।
দুইশ বছরের পুরনো এই জাদুঘরের ‘বিপজ্জনক অবস্থা’ নিয়ে আগে থেকেই কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হচ্ছিল; বিশেষজ্ঞরাও ভবনটিতে অগ্নিকাণ্ডের ব্যাপারে কয়েক বছর ধরেই সতর্ক করে আসছিলেন। এরপরও সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়নি বলে অভিযোগ কর্মকর্তাদের।
“আমরা পর্যাপ্ত সহযোগিতা পাইনি,” অগ্নিকাণ্ডের পর বলেছেন ন্যাশনাল মিউজিয়ামের উপপরিচালক লুইজ ফার্নান্দো দিয়াস দুয়ার্তে।
‘ক্রুদ্ধ’ প্রতিক্রিয়া ব্যক্ত করে এজন্য ব্রাজিলীয় কর্তৃপক্ষের ‘মনোযোগের ঘাটতিকে’ দায় দিয়েছেন তিনি।
“আজ যেসব অমূল সম্পদ ধ্বংস হল, তা রক্ষায় কয়েক বছর ধরে, বিভিন্ন সরকারের সঙ্গে লড়েছিলাম আমরা,” তহবিল ঘাটতির দিকে ইঙ্গিত করে বলেন এ কর্মকর্তা।
সোমবার সকালে জাদুঘরের ফটকে বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসব আন্দোলনকারীরাও আগুনের জন্য সরকারের বাজেট কাটছাঁটকেই দায়ী করেছেন। বিক্ষোভকারীদের দমাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তেও দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
অগ্নিনির্বাপক সরঞ্জামসহ জাদুঘরটির আধুনিকায়নে সরকার ৫৩ লাখ ডলার দিতে জুনে রাজি হয়েছিল বলে গ্লোবো টিভিকে জানিয়েছেন দুয়ার্তে। অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের পর ওই অর্থ দেওয়ার কথা ছিল।
তহবিল ঘাটতির তীব্র সমালোচনা করেছেন সামনের মাসের নির্বাচনে প্রার্থী হওয়া মারিনা সিলভাও। বাম ঘরানার এ রাজনীতিক টুইটারে বলেছেন, “রিও দে জেনেইরোর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গত তিন বছর ধরে আর্থিক সঙ্কটে রাখা হয়েছে। এই দুঃখজনক পরিণতি যে আসছেই, তা আগেই বোঝা উচিত ছিল।”
রোববার রাতে জাদুঘর বন্ধ হওয়ার পর কোনো এক সময় ওই ভবনে আগুন লাগে।
এক সময় পর্তুগিজ রাজ পরিবারের আবাসস্থল হিসেবে ব্যবহৃত ওই ভবনটির ২০০ বছর পূর্তি উদযাপন হয়েছিল চলতি বছরের শুরু দিকে।
ব্রাজিলের সবচেয়ে পুরনো এই জাদুঘরে প্রত্নসম্পদ থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক মিলিয়ে প্রায় দুই কোটি নিদর্শন সংরক্ষিত ছিল। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বিশাল ওই সংগ্রহের বেশিরভাগই পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলো দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সার্জিও সা লেইতাওকে উদ্ধৃত করে বলছে, কাগজ দিয়ে বানানো একটি গরম বাতাস ভর্তি বেলুন জাদুঘরের ছাদে এসে পড়ার পর সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাধমিকভাবে অনুমান করা হচ্ছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এক টুইটে বলেছেন, “ব্রাজিলিয়ানদের জন্য এটা একটা দুঃখের দিন। ওই ভবনের সঙ্গে আমাদের ইতিহাসের অপরিমেয় ক্ষতি হল। ২০০ বছরের কাজ, গবেষণা ও জ্ঞান হারিয়ে গেল।”
‘দুঃখজনক এ পরিণতি চাইলে এড়ানো যেত’ বলে মন্তব্য করেছেন ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী সা লেইতাও। ক্ষতিগ্রস্ত জাদুঘরটির পুননির্মাণের চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অগ্নিকাণ্ডের মধ্যেই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভবনটির যেখানে বিভিন্ন প্রাণীর নমুনা সংরক্ষিত ছিল, সেখানে উপস্থিত হয়েছিলেন ন্যাশনাল মিউজিয়ামের মৎস্যবিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক পাওলো বাকাপ।
“এটা দুর্ভাগ্যজনক ছিল। কিন্তু দমকলকর্মীরা কিছু করার মত, এর বিরুদ্ধে লড়ার মত অবস্থায় ছিল না। তাদের ছিল না পানি, কোনো সিঁড়ি কিংবা উপকরণ। তাই আমরাই উদ্যোগী হয়ে যত বেশি সম্ভব নিদর্শন রক্ষা করা যায় তার চেষ্টা করেছি। আমরা দরজা ভেঙে ভেতরে প্রবেশি করেছি। সৈন্যরা জিনিসগুলো বহন করে নিয়ে আসতে আমাদের সাহায্য করেছে,” বলেছেন তিনি।
পুড়ে যাওয়া ভবনটির ভেতর থেকে খোলসওয়ালা সামুদ্রিক প্রাণীর যে ‘কয়েক হাজার’ নমুনা উদ্ধার করা গেছে, তা মোট সংগ্রহের তুলনায় ‘পুঁচকে অংশ’ বলে মন্তব্য করেছেন তিনি।
“কত লাখ লাখ কীটপতঙ্গ ও খোলসের আবরণওয়ালা জলজ প্রাণীর নমুনা যে নষ্ট হয়েছে তা বলতে পারছি না। আমি আমার সহকর্মীদের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছি, যাদের মধ্যে কেউ কেউ এখানে ৩০-৪০ বছর ধরে কাজ করছিলেন। তাদের সব উপাত্ত নষ্ট হয়ে গেছে, তাদের বেঁচে থাকাও অর্থহীন হয়ে গেছে,” বলেন এ বিশেষজ্ঞ।
