২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলা শুরু

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বেপরোয়া হামলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরও রাশিয়া সেখানে বিমান থেকে বোমা হামলা শুরু করেছে বলে খবর এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 10:19 AM

Updated : 08 Apr 2022, 06:57 PM

তিন সপ্তাহ পর মঙ্গলবার থেকে ফের ইদলিবে রাশিয়ার এ হামলা শুরু হওয়ার কথা জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এবং ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে জিসর আল-সুঘৌরের কাছে চলছে এ বিমান হামলা। সেখানে তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে সিরিয়া সিভিল ডিফেন্স।

দ্য সিরিয়ান অবজারভেটরি জানায়, রাশিয়ার জঙ্গি বিমানগুলো থেকে ইদলিবের পশ্চিমে, লাটাকিয়ার পার্বত্যাঞ্চলে এবং শাল আল-ঘাব সমতলে বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রায় ১৬ টি এলাকায় রাশিয়ার জঙ্গিবিমানগুলো থেকে প্রায় ৩০ টি বোমা হামলা হয়েছে।

ওদিকে, বিদ্রোহীপন্থি স্টেপ বার্তা সংস্থা ইনাব, আল জানুদিয়া, তাল আওয়ার, জদরায়া এবং আল বারিয়া গ্রামে রাশিয়ার বিমান হামলার খবর দিয়েছে।

ইদলিবে সর্বাত্মক অভিযান শুরু হলে মানবিক পির্যয় ঘটতে পারে বলে যুক্তরাষ্ট্র এমনকি জাতিসংঘও  সিরিয়া ও এর মিত্রদেরকে সতর্ক করেছিল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইদলিবে হামলার বিরুদ্ধে সিরিয়াসহ এর মিত্র ইরান ও রাশিয়াকে হুঁশিয়ার করেন।

কিন্তু এসব হুঁশিয়ারির তোয়াক্কা করছে না রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের মাটির প্রতিটি ইঞ্চি পুনর্দখল করার সংকল্প নিয়েছেন। ২০১৫ সালে রাশিয়া যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের জয়ও পেয়েছেন।

গত সপ্তাহে রাজধানী দামেস্কর ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছিলেন, সরকার ইদলিব পুনর্দখলে ধাপে ধাপে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তুরস্ক এ ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে।

রাশিয়া গত ১৫ অগাস্টে ইদলিব ও এর আশেপাশের এলাকাগুলোতে বিমান হামলা বন্ধ করেছিল। তবে সিরিয়াপন্থি সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান থেকে বোমা হামলা চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সিরিয়ার ইদলিব প্রদেশটিই এখন বিদ্রোহী এবং জিহাদি গোষ্ঠীগুলোর শেষ ঘাঁটি হওয়ার কারণে অনেক ঝুঁকি নিয়েও সেখানে যুদ্ধ থেকে পিছু হটতে রাজি নয় সিরিয়া এবং রাশিয়া।

কিন্তু জাতিসংঘের হিসাবমতে, ইদলিবের জনসংখ্যা ২৯ লাখ। এর মধ্যে ১০ লাখই শিশু। তাই এখানে বিমান হামলায় প্রাণহানি নিয়ে উদ্বেগ আছে।