অ্যারিজোনাতে ২ নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪, আহত ৯
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কলোরাডো নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে চার জন নিখোঁজ ও নয় জন আহত হয়েছেন।
এ ঘটনায় দুটি নৌকাই ডুবে যায় এবং নৌকা দুটির সব আরোহী পানিতে পড়ে যান বলে রোববার জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ঘটনার পর থেকে ডুবুরিরা নিখোঁজ চার জনের খোঁজে নদীটিতে তল্লাশি শুরু করেছে।
শনিবার রাতে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে ১০ জনকে বহনকারী একটি বোটের সঙ্গে ছয় জনকে বহনকারী একটি ক্র্যাফ্টের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা নৌকাগুলি কয়েকজনকে উদ্ধার করে বলে জানিয়েছে মোহাবি কাউন্টি শেরিফ দপ্তর।
তিন নারী ও এক পুরুষ নিখোঁজ রয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শেরিফ ডগ শুস্টার। নিখোঁজ ব্যক্তিরা ইতোমধ্যেই সাঁতরে তীরে পৌঁছে গিয়ে থাকতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আহতদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক। এদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শেরিফ দপ্তর জানিয়েছে।
অন্যান্যদের আঘাত তেমন গুরুতর নয় এবং তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে তারা।
