উ. কোরিয়া ইস্যুতে ‘অগ্রগতি’ ব্যাহত করছে চীন: ট্রাম্প
উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে অগ্রগতি চীনই ব্যাহত করছে বলে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তর কোরিয়াকে চাপে রেখে তাদেরকে পরমাণু অস্ত্র পরিহারে বাধ্য করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা চীন বাধাগ্রস্ত করছে বলে ট্রাম্প অভিযোগ করেন।
গত জুনে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকে উত্তর কোরিয়া পুরোপুরি নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিলেও তারা এখন যথেষ্ট দ্রুতগতিতে সে কাজ করছে না বলে বেশ কয়েকজন পর্যবেক্ষকের অভিমতের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এ পরিস্থিতির জন্য চীনকে দোষারোপ করলেন।
বিবিসি জানায়, ধারাবাহিক কয়েকটি টুইটে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় ব্যয় করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। পাশাপাশি এও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক মহড়া ফের শুরু করে তবে তা ‘যেকোনো সময়ের চেয়ে বড় হবে।’
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া অব্যাহত রাখা হতে পারে বলে কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী।
জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর ওই নিয়মিত সামরিক মহড়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর আগে প্রতি বছর অনুষ্ঠিত এই সামরিক মহড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিল উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র সামরিক মহড়া বন্ধ করলেও শীর্ষ বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া তত দ্রুত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করছে না বলে সমালোচনা শুরু হয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বন্ধ রাখার বিষয়টি নিয়েও যুক্তরাষ্ট্রে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতির জন্য ট্রাম্প সরাসরি চীনকে দায়ী করেছেন, অন্তত তার টুইটগুলো থেকে এমন ধারণাই পাওয়া যায়। কিন্তু ওইসব টুইটেই তিনি আবার চীনা ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা করেছেন।
কিমের সঙ্গে নজিরবিহীন ওই বৈঠক থেকে কী পাওয়া গেল, এ প্রশ্নে ওয়াশিংটন যখন উত্তরোত্তর চাপের মুখে পড়ছে, তখনই ট্রাম্পের কাছ থেকে সমালোচনা, প্রশংসা আর পরোক্ষ হুমকি মেশানো এ বিভ্রান্তিকর টুইটগুলো পাওয়া গেল বলে মন্তব্য বিবিসির।
কিমের সঙ্গে বৈঠকের পরপরই ট্রাম্প ঘোষণা করেছিলেন, “উত্তর কোরিয়ার পক্ষ থেকে আর কোনো পারমাণবিক হুমকি নেই।”
কিন্তু মাত্র কয়েকদিন আগে ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়নি’, এই বিতর্ক তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করে দিয়েছেন ট্রাম্প।
টুইটারে সর্বশেষ যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তাতে ট্রাম্প বলেছেন, “আমাদের সঙ্গে চীন সরকারের বড় ধরনের বাণিজ্য বিরোধ চলায় চীনের প্রচণ্ড চাপে আছে উত্তর কোরিয়া।”
টুইটে বেইজিং উত্তর কোরিয়াকে ‘উল্লেখযোগ্য পরিমাণ সহায়তা’ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। চীনা সহায়তার কারণেই পিয়ংইংয়ের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ধাক্কা তেমন জোরালো হচ্ছে না বলেও অভিযোগ ট্রাম্পের।
“এটি ভাল না!” টুইটে মন্তব্য করেছেন তিনি।
কিম জং উনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ‘খুব ভাল ও উষ্ণ’ উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘সামরিক মহড়া’ আবার শুরু করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
কিন্তু আবার উল্লেখ করেছেন, তারা যদি এটি আবার শুরু করেন তবে ওই সামরিক মহড়া হবে ‘যেকোনো সময়ের চেয়েও বেশি বড়’।
এরপর বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য বিরোধ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সঙ্গে নিয়ে এ বিষয়টি সমাধান করে ফেলতে পারবেন বলে আশাবাদী তিনি।
