২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে মোকাবেলায় প্রশান্ত মহাসাগরে বাড়ছে পশ্চিমা পদচারণা

প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাবের সঙ্গে পাল্লা দিতে পশ্চিমা দেশগুলো সেখানে তাদের পদচারণা বাড়াচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Aug 2018, 10:20 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে দূতাবাস খুলবে এবং দেশগুলোর নেতাদের সঙ্গে সখ্য বাড়াবে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

জাতিসংঘের মত বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোতে স্বল্প জনসংখ্যার ওই সব দ্বীপরাষ্ট্রগুলোর ভোট দেওয়ার ক্ষমতা আছে। তাছাড়া, সম্পদ সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণও তাদের হাতে।

একারণে ওই অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলো লড়াইয়ে নেমেছে বলে ধারণা বিশ্লেষকদের।

চীন ওই অঞ্চলে প্রচুর অর্থ সহায়তা করে এবং ঋণ দিয়ে ছোট্ট দ্বীপদেশগুলোকে কব্জা করার চেষ্টা করছে।

২০১১ সাল থেকেই চীন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য রেয়াত ঋণ এবং উপহার হিসেবে প্রতিবছর ১৩০ কোটি মার্কিন ডলার ব্যয় করছে। অস্ট্রেলিয়ার পর চীনই এখন ওই অঞ্চলের উন্নয়নে দ্বিতীয় বৃহৎ দাতা দেশ।

পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ছোট ছোট এ দেশগুলো এক সময় বেইজিংয়ের ঋণের ভারে ন্যুব্জ হয়ে পড়বে।

ফলে এর পাল্টা পদক্ষেপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে তাদের অর্থনৈতিক সহায়তা এবং কূটনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা।

মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “চীন সেখানে যা করছে তাতে ভবিষ্যতে দেশগুলো অস্থিতিশীল ঋণের চাপে পড়বে, যা নিয়ে আমরা দারুণ উদ্বিগ্ন।”

এ বিষয়ে জানতে অস্ট্রেলিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ক্যানবেরায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি।

তবে যুক্তরাষ্ট্র আগামী দুই বছরের মধ্যে পালাউ, মাইক্রোনেশিয়া ও ফিজিতে কূটনীতিকের সংখ্যা বাড়াবে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

এছাড়া, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া সরকার টুভালুতে তাদের প্রথম হাই কমিশনারের নাম ঘোষণা করবে।

যুক্তরাজ্য ২০১৯ সালের মে মাসের মধ্যে ভানুয়াতু, টোঙ্গা ও সামোয়াতে নতুন হাই কমিশন খুলবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী বছরের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা।