নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সহিংসতা ফিরে আসবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়লাভ করলে বামপন্থি সহিংসতা ফিরে আসবে। তার গৃহীত নীতিগুলোকে হিংসাত্মকভাবে উল্টে দেবে তারা।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনকে সাধারণত প্রেসিডেন্টের জনপ্রিয়তার পরীক্ষা হিসাবেই দেখা হয়।
নিজের এবং নির্বাচনী প্রচার শিবিরের সাবেক সহযোগীদের নানা কান্ডের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা নিম্নমুখী বলে মত প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। জনগণের কাছে এ নেতিবাচক অবস্থার বিরুদ্ধেই এখন লড়ছেন ট্রাম্প।
এ মাসের শুরুতে ট্রাম্পের সাবেক আইনজীবী এবং নির্বাচনী প্রচার শিবিরের এক সময়ের প্রধান পল ম্যানাফোর্টকে ব্যাংক, কর জালিয়াতি এবং বিদেশি ব্যাংকের হিসাব গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত।
সম্প্রতি খ্রিস্টান ধর্ম প্রচারক নেতাদের সঙ্গে হোয়াইট হাউজে ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকেরও একটি অডিও টেপ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।
আর এতেই ওই সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। বৈঠকের অডিওতে ট্রাম্প বলেছেন, “মধ্যবর্তী নির্বাচন কেবল তার ওপরই একটি গণভোট নয় বরং এটি আপনাদের ধর্ম, বাকস্বাধীনতার উপরও একটি গণভোট এবং (মৌলিক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া) প্রথম সংশোধনী।”
“এটি পছন্দ করা বা না করার প্রশ্ন নয়। বরং এখানে বিষয়টি হচ্ছে, আমরা এতদিন যা কাজ করেছি তারা সেসব কিছু উল্টে ফেলবে। তারা এই উল্টে ফেলার কাজ খুব দ্রুত এবং হিংস্রভাবে করবে। সহিংস পন্থায় করবে। এখানে সহিংসতা আছে। আন্তিফা আন্দোলনের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তারা সহিংস মানুষ।”
আন্তিফা আন্দোলন যুক্তরাষ্ট্রে বামপন্থি ফ্যসিবাদ-বিরোধী আন্দোলন। কট্টর এ বামপন্থি গোষ্ঠীর সঙ্গে কট্টর ডানপন্থিদের সংঘর্ষ লেগেই থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগেও বামপন্থি দলের সমালোচনা করেছেন। গতবছর আন্তিফা আন্দোলনে এক বামপন্থি বিক্ষোভকারী নিহত হওয়ার পর বহু দিক থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছিল।
আর তাই এবারের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার জন্য খ্রিষ্টান ধর্ম প্রচারক নেতাদেরকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আপনাদের অনেক ক্ষমতা আছে। আপনারা এ শক্তিকে কাজে লাগান।
