২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগর ও হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি ইরানের

আরব উপসাগর এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেখানে কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল আলিরেজা তাংসিরি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Aug 2018, 10:15 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

সোমবার আলিরেজার বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা তাসনিম বার্তা সংস্থা এ খবর দেয়।

যুক্তরাষ্ট্রের কোনোরকম বৈরি পদক্ষেপের জবাবে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অনেক আগে থেকেই বন্ধ করার হুমকি দিয়ে আসছেন ইরানের কর্মকর্তারা।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর দু’দেশের মধ্যে উত্তেজনা সম্প্রতি বেড়েছে।

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের তেল বিক্রি বন্ধে দেশটির উপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে চান বলেও জানিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ নিলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর তেল রফতানি বন্ধ করে দিতে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যেই দেশটি এমন দাবি করল।

আরব উপসাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচল সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের একটি বহরও ওই নৌপথ পাহারা দেয়।

ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান আলিরেজা বলেন, আরব উপসাগর ও হরমুজ প্রণালী দু’য়ের উপরই ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিলেই ‍আরব উপসাগর দিয়ে তেল রপ্তানি সরাসরি আটকে দেওয়া যাবে।

আলিরেজা বলেন, “আমরা নিজেরাই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। সেখানে যুক্তরাষ্ট্র বা এ অঞ্চলের নয় এমন অনাকাঙ্খিতদের উপস্থিতির কোনো প্রয়োজন নেই।”

গত মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও এ পরিকল্পনাকে সমর্থন দিয়ে বলেছিলেন, যদি ইরান তেল রপ্তানির অনুমতি না পায় তবে আরব উপসাগর দিয়ে অন্যান্য দেশকে তেল রপ্তানি করতে দেওয়া উচিত হবে না।