জাপানি এক পর্যটককে মুক্তি দিয়েছে উ কোরিয়া
উত্তর কোরিয়া আইন ভঙ্গের অভিযোগে আটক এক জাপানি পর্যটককে মুক্তি দিয়েছে। মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানায়, ৩০ বছরের ভিডিওগ্রাফার তোমোইউকি সুজিমোতো উত্তর কোরিয়া থেকে চীনে পৌঁছেছেন।
এ মাসের শুরুতে সুজিমোতোকে গ্রেপ্তারের খবর প্রকাশ পায় বলে জানায় বিবিসি। তখন বলা হয়েছিল, অজ্ঞাত অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে তখন বলা হয়েছিল, আইন লঙ্ঘনের অপরাধে সুজিমোতোকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কি আইন লঙ্ঘন হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি।
ওই সময় জাপানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, উত্তর কোরিয়ায় একটি সামরিক স্থাপনার ভিডিও করার সময় সুজিমোতোকে গ্রেপ্তার করা হয়।
উত্তর কোরিয়ায় ভ্রমণকারী পর্যটকদের সবসময় কড়া নজরদারিতে রাখা হয়।
বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন দেশটিতে পর্যটকদের প্রায়ই কারাদণ্ডের মুখোমুখি হতে হয় এবং অনেক সময় আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই শুধু পর্যটকের নিজ দেশের সরকারের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও আটক করা হয়।
যার সর্বশেষ নজির যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ার। হোটেলের একটি সাইন চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়ছিল।
পরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে নানা দরকষাকষির পর ওয়ার্মবিয়ারকে মুক্তি দেওয়া হলেও দেশের ফেরার পর দেখা যায় তিনি মারাত্মক অসুস্থ। এমনকি তার বোধশক্তি বা চলাচলের শক্তি ছিল না। দেশে ফিরিয়ে আনার কয়েকদিনের মাথায় ওয়ার্মবিয়ার মারা যান।
যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের দাবি, উত্তর কোরিয়ায় মারাত্মক নির্যাতনের শিকার হওয়ার কারণে ওয়ার্মবিয়ার কোমায় চলে গিয়েছিলেন। তারা মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল।
অন্যদিকে, উত্তর কোরিয়ার দাবি, খাদ্যে বিষক্রিয়ার কারণে ওয়ার্মবিয়ার কোমায় চলে যান।
