যাজকের অপকর্মে চুপ থাকায় পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি
পোপ ফ্রান্সিস আয়ারল্যান্ড সফরকালে যাজকদের শিশু যৌন নিপীড়নকে ‘অরুচিকর অপরাধ’ বলে নিন্দা জানানোর পরই তার বিরুদ্ধে এ ধরনের ঘটনা জেনেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগে তার পদত্যাগ দাবি করেছেন ইতালির এক আর্চবিশপ।
যুক্তরাষ্ট্রে ভ্যাটিক্যানের সাবেক রাষ্ট্রদূত আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো রোববার অভিযোগ করে বলেছেন, ২০১৩ সালে বিশিষ্ট মার্কিন কার্ডিনাল থিওডোর ম্যাককারিকের যৌন নিপীড়নের কথা পোপ ফ্রান্সিস জানার পরও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
ভিগানো বলেন, পোপকে ম্যাককারিকের ওই অপকর্মের কথা নিজেই জানিয়েছিলেন তিনি। কিন্তু পোপ কোনো ব্যবস্থা না নেওয়ায় এখন তিনি তার পদত্যাগ দাবি করছেন।
ফ্রান্সিসের আয়ারল্যান্ড সফরের সময় রোমান ক্যাথলিক গণমধ্যমগুলোতে ১১ পাতার একটি দীর্ঘ বিবৃতি দিয়ে ভিগানো ভ্যাটিক্যান এবং যুক্তরাষ্ট্রের চার্চগুলোর বর্তমান ও অতীতের কর্মকর্তাদের বিরুদ্ধে কার্ডিনাল ম্যাককারিকের অপকর্ম ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন। এ বিবৃতির শেষেই পোপ ফ্রান্সিসকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ভিগানো লেখেন,“সার্বজনীন চার্চের জন্য এ চরম নাটকীয় মুহূর্তে তাকে অবশ্যই জিরো টলারেন্সের ঘোষিত নীতি বজায় রেখে নিজের ভুল স্বীকার করতে হবে, ম্যাককারিকের অপকর্ম যে সমস্ত কার্ডিনাল এবং বিশপরা ধামাচাপা দিয়েছেন তাদের ক্ষেত্রে পোপ ফ্রান্সিসকেই প্রথম একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং তাদের সবার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হবে।”
৫০ বছর আগে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এবছর জু্লাইয়ে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের যাজক থিওডোর ম্যাকক্যারিক।
সেমিনারির শিক্ষার্থীদের এবং ১৬ বছরের একটি বালককেও যৌন নিপীড়নের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ৮৮ বছর বয়সী ওই যাজকের পদত্যাগপত্রও গ্রহণ করেছিলেন পোপ ফ্রান্সিস।
তবে ম্যাকক্যারিকের দাবি, যে ব্যাপারে অভিযোগ করা হয়েছে, সে ব্যাপারে তার কিছু মনে নেই। যুক্তরাষ্ট্রে ম্যাকক্যারিকই সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাধর যাজক ছিলেন যিনি এ ধরনের অভিযোগে পদত্যাগে বাধ্য হন।
আর্চবিশপ ভিগানো ২০১৩ সালের জুনে ম্যাককারিকের বিরুদ্ধে যৌন অসদাচরণ এবং নিপীড়নের অভিযোগ সম্পর্কে পোপ ফ্রান্সিসকে ব্রিফিং দেন। ফ্রান্সিস তখন সদ্য পোপ নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু সব অভিযোগ সম্পর্কে জানার পরও পোপ কোনো সাড়া দেননি এবং ম্যাককারিকও চার্চের গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ চালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভিগানো।
তিনি বলেন, ম্যাককারিকের অপরাধ সম্পর্কে পোপ প্রথম যে সময়ে জানতে পেরেছেন সেটি তাকে সততার সঙ্গে স্বীকার করতে হবে। তিনি আমার কাছ থেকে ২০১৩ সালের ২৩ জুনেই বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং তা চেপে গেছেন।
