২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে ভুল শুধরাতে বললেন ইমরান খান

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েই যুক্তরাষ্ট্রকে ভুল শুধরাতে বলে দেশটির সঙ্গে বিরোধে জড়িয়েছেন ইমরান খান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2018, 09:22 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

যুক্তরাষ্ট্র এতদিন পাকিস্তানকে নিয়ে নানা অভিযোগ করে আসলেও এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে ভুলের অভিযোগ করে তা শুধরে নিতে বলেছেন পাক-প্রধানমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ইমরানের ২৩ অগাস্টের এক ফোনকল নিয়ে যুক্তরাষ্ট্র ওই বিবৃতি দেয়। এতে বলা হয়, ইমরান খানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়ে পম্পেও তার সাফল্য কামনা করেন এবং তাকে পাকিস্তানে তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে চরম ব্যবস্থাও নিতে বলেন।

এতেই তীব্র আপত্তি জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় সঙ্গে সঙ্গে এ বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিটি আদতে ঠিক নয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানানোর সময় নানা বিষয় নিয়ে পম্পেওর কথা হলেও সন্ত্রাসীদের বিষয় নিয়ে কোনো কথাই হয়নি। ফলে এ ভুল অবিলম্বে শুধরানো উচিত।

কিন্তু যুক্তরাষ্ট্র নিজ অবস্থানেই অটল রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ার্ট পাকিস্তানের অভিযোগের প্রতিক্রিয়ায় বিবৃতিতে কোনো সংশোধনীর ইঙ্গিত দেননি।

আগামী ৫ সেপ্টেম্বরেই ইসালামাবাদে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর। তার এ সফরের আগেই দু’দেশের মধ্যে এ বিরোধ দেখা দিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বরাবরই পাকিস্তানের মাটি থেকে সীমান্তে আফগান ও মার্কিন সেনাদের ওপর তালেবান ও অন্যান্য জঙ্গিদের তৎপরতার বিষয়টি নিয়ে কথা বলে আসছে।

আর পাকিস্তানও বরাবরই তাদের ভূখন্ড থেকে আফগান তালেবান জঙ্গিদের তৎপরতার বিষয়টি অস্বীকার করে আসছে।

মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র নুয়ার্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার আখ্যা দিলেও বলেছেন, তিনি কেবল এটুকুই বলবেন যে, আনুষ্ঠানিকভাবে দেওয়া বিবৃতিতে তারা সবসময়ই অটল।

নুয়ার্ট আরো বলেন, “পম্পেওর সঙ্গে নতুন প্রধানমন্ত্রী ইমরানের ফোনকলটি চমৎকার ছিল এবং পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে ভাল সম্পর্কের দিকেই আমরা চেয়ে আছি।”