২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে অভিসংশন করলে বাজারে ধস নামবে: হঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিসংশিত হতে পারেন বলে সৃষ্ট জল্পনার প্রতিক্রিয়ায় খোদ সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের কোনোরকম প্রচেষ্টা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 12:15 AM

Updated : 08 Apr 2022, 06:54 PM

বৃহস্পতিবার ‘ফক্স এন্ড ফ্রেইন্ডস’ টিভি প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমাকে অভিসংশন করা হলে বাজারে ধস নামবে এবং প্রত্যেকেই অনেক গরিব হয়ে যাবে।”

ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন সম্প্রতি নির্বাচনী আইন ভঙ্গ নিয়ে দোষ স্বীকার করা এবং সব অপরাধ ‘প্রেসিডেন্টের নির্দেশেই ঘটেছে’ বলার পর ট্রাম্প সাক্ষাৎকারে একথা বললেন।

তিনি আরো বলেন, “এত ভাল কাজ করা একজনকে আপনারা কেমন করে অভিসংশন করতে পারেন তা আমি জানি না।” পরে ট্রাম্প বলেন, তার প্রেসিডেন্সিকে এ+ নাম্বার দিয়েছেন তিনি।

সাবেক আইনজীবী মাইকেল কোহেনের কথাতেই সবচেয়ে বেশি বিপত্তিতে পড়েছেন ট্রাম্প। তার সামনে আছে বড় ধরনের নির্বাচনী এবং আইনি ঝুঁকি।

যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে কেলেঙ্কারিতে পড়া ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভাবমূর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি অপরাধের তদন্ত শুরুর পটও প্রস্তুত হচ্ছে।

নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ট্রাম্পের কংগ্রেসে কোনো আইন পাশ করানোর ক্ষমতা কমে যেতে পারে এবং তার অভিসংশনেরও ডাক উঠতে পারে।

তবে সংবাদদাতারা অবশ্য বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরোধীদের তাকে অভিসংশন করার চেষ্টা নেওয়ার সম্ভাবনা নেই।

পুরনো খবর:

রাজনৈতিক ও আইনি ঝুঁকির মুখে ট্রাম্প