রাজনৈতিক ও আইনি ঝুঁকির মুখে ট্রাম্প
সাবেক দুই উপদেষ্টার কথা আর কর্মকাণ্ডে বড় ধরনের নির্বাচনী ও আইনি ঝুঁকির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একদিকে, ওই দুই সাবেক উপদেষ্টার কারাদণ্ডের মুখে পড়ার খাঁড়া আর অন্যদিকে, আবার তাদেরই একজন দোষ করার দায় খোদ ট্রাম্পের ওপর চাপিয়ে দেওয়ায় তার ঝুঁকি আরো বেড়েছে।
যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে এ কেলেঙ্কারিতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভাবমূর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি অপরাধের তদন্ত শুরুর পটও প্রস্তুত হচ্ছে।
আদালতের কাঠগড়ায় ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারকর্তা পল মানাফোর্ট কর ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
অন্যদিকে, ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন বেশ কয়েকটি অভিযোগে দোষ স্বীকার করে নিয়েছেন। তার ওপর আবার কোহেন অপরাধের সব দায় ট্রাম্পের ঘাড়ে চাপিয়ে বলেছেন, সব কিছুই হয়েছে তার নির্দেশে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল দাবি করা দুই নারীর মুখ বন্ধ রাখতে তাদের ঘুষ দেওয়ার বিষয়েও কোহেন সাক্ষ্য দেন।
এতে করে ২০১৬ সালের ওই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের বিষয়টি আবারো সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ট্রাম্পের প্রচারশিবির রাশিয়ার সঙ্গে আঁতাত করেছিল কিনা কিংবা তিনি তৎকালীন এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করে বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন কিনা- সে সন্দেহও নতুন দানা বেঁধেছে।
ট্রাম্প রাশিয়ার সঙ্গে কোনো আঁতাতের কথা অস্বীকার করে আসছেন এবং এ বিষয়ক তদন্তকে ‘উইচ হান্টও’ বলেছেন। কিন্তু কোহেন সর্বশেষ যা বলেছেন তাতেই বিপত্তি ঘটেছে সবচেয়ে বেশি।
দলের জন্য দিনটিকে শোচনীয় আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা।
তিনি বলেন, ট্রাম্প আইনগত ঝামেলায় পড়ে গেলে নভেম্বরের কংগ্রেস নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২৩ আসনের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকি বাড়বে। কারণ, ভোটাররা আর তখন এমুখো নাও হতে পারে।
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতে গেলে ট্রাম্পের কংগ্রেসে কোনো আইন পাশ করানোর ক্ষমতা কমে যাবে এবং তার অভিসংশনের ডাক ওঠারও ঝুঁকি সৃষ্টি হবে।
কোহেনের আইনজীবী এরই মধ্যে বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, “দুই নারীকে ঘুষ দেওয়া কোহেনের জন্য অপরাধ হলে তা ট্রাম্পের অপরাধ হবে না কেন?”
ওদিকে, ডেমোক্র্যাটরা কোহেন এবং মানাফোর্টের মামলাটি লুফে নিয়ে বলছে, এতে করে ট্রাম্পের হোয়াইট হাউজ যে কেলেঙ্কারির ভারে নুয়ে পড়েছে- এ যুক্তি আরো জোরাল হয়েছে।
“দুর্নীতি এবং অপরাধমূলক কর্মকান্ডে প্রেসিডেন্টের ভূমিকা সম্পর্কে জানার অধিকার মানুষের আছে,” বলেছেন ডেমোক্র্যাটিক প্রতিনিধি রোজা ডেলুর।
