২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে দিন ফুরালো হ্যালোজেন বাতির

বৈদ্যুতিক বাতি নিয়ে গবেষণার নানা ধাপ পেরিয়ে হ্যালোজেন বাতি ঘরে ঘরে আলো জ্বালিয়েছিল প্রায় ৬০ বছর আগে। কিন্তু স্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতির দিকগুলো বিবেচনা করে সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বন্ধ হচ্ছে হ্যালোজেন বাতির ব্যবহার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 06:52 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, এখনো রয়ে যাওয়া হ্যালোজেন বাতিগুলো বিক্রি করা যাবে। ক্যাপসুল, লিনিয়ার এবং কম আলোর ইনক্যানডিসেন্ট বাতি যেগুলো ওভেনে ব্যবহার করা হয়, সেগুলো এই সিদ্ধান্ত থেকে ছাড় পাবে।     

হ্যালোজেন বাতির বদলে বিশেষজ্ঞরা এখন ব্যবহার করতে বলছেন এলইডি (লাইট এমিটিং ডায়োডস) বাতি। তারা বলছেন, এলইডি বা আলোক নিঃসারি ডায়োডের এই বাতিগুলো বিকিরণের পাশাপাশি বৈদ্যুতিক বিলও কমিয়ে আনবে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যালোজেনের চেয়ে এলইডি বাতিতে শক্তির অপচয় হবে এক পঞ্চমাংশ। হ্যালোজেন বাতির ব্যবহার বন্ধ হলে বছরে দেড় কোটি টনের বেশি কার্বন নিঃসরণ ঠেকানো সম্ভব হবে।

বিদ্যুতিক বাতি প্রস্তুতকারক কোম্পানি ফিলিপস বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্যের একজন গ্রাহকের বছরে ১১২ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হতে পারে। বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি এলইডি বাতিগুলো হ্যালোজেনের চেয়ে বেশিদিন টিকবে।

ইউরোপীয় বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, হ্যালোজেন বাতি নিষিদ্ধের এই সিদ্ধান্তে নাখোশ হয়েছেন ইউকে ইনডিপেনডেন্স পার্টির ‍জ্বালানি বিষয়ক মুখপত্র জোনাথন বুলক।

গার্ডিয়ানকে তিনি বলেন, “হ্যালোজেন বাল্ব নিষিদ্ধ করা ইউরোপীয় ইউনিয়নের একটি ভুল সিদ্ধান্ত। কারণ গ্রাহকরা এখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এ ধরনের নীতিগত সিদ্ধান্তে সবসময় দরিদ্ররাই ভুক্তভোগী হয়।”

তার ভাষায়, ক্রেতাদের অবশ্যই বাল্ব কেনায় তাদের পছন্দের স্বাধীনতা থাকা উচিৎ এবং ইউরোপীয় ইউনিয়নের এখানে হস্তক্ষেপ করা উচিৎ নয়।

অন্যদিকে যুক্তরাজ্যের এনার্জি সেভিংস ট্রাস্টের স্টুয়ার্ট ম্যুর বলছেন, হ্যালোজেন বাল্ব তুলনামূলক সস্তায় পাওয়া যায় ঠিক, কিন্তু তাতে খরচ সাশ্রয় হয়- এমন ধারণা ভুল।

“একটা হ্যালোজেন বাল্ব কেনার সময় কম দামি হতে পারে, কিন্তু এর বিদ্যুৎ খরচ অনেক বেশি। অথচ এলইডি বাল্ব এক বছরের মধ্যেই এর খরচ তুলে আনবে।”

এক সময় বিশ্বজুড়ে ব্যবহৃত হত টাংস্টেন ধাতুর ফিলামেন্ট দিয়ে তৈরি ইনক্যানডিসেন্ট বাতি, বাংলাদেশে যা সাধারণ বৈদ্যুতিক বাল্ব হিসেবে পরিচিত। কিন্তু সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় বলে ফিলামেন্ট ঘিরে একটি টিউব বসিয়ে তাতে হ্যালোজেন গ্যাস যোগ করা শুরু হয়। প্রথম দিকে তৈরি হ্যালোজেন বাল্বগুলো বেশি গরম হয়ে ফেটে যেত। এ কারণে পরে এ বাল্ব তৈরির ক্ষেত্রে ক্লোরিনের ব্যবহার বাদ দেওয়া হয়।

হ্যালোজেন বাল্ব যেখানে গড়ে দুই বছর টেকে, সেখানে ভালো মানের এলইডি বাতি ১৫ বছর পর্যন্ত টিকতে পারে বলে স্টুয়ার্ট ম্যুরের ভাষ্য।

২০১২ সালের একটি জরিপে দেখা যায়, যুক্তরাজ্যের বাড়িগুলোতে গড়ে ১০টি হ্যালোজেন বাতি ব্যবহার হয় এবং এর প্রতিটি বাতি দিনে গড়ে তিন ঘণ্টা জ্বালানো হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, এতে করে কার্বন নিঃসরণ অনেক বেড়ে যাচ্ছে এবং ৪০ শতাংশ শক্তির অপচয় হচ্ছে। বিশ্বে এ ধরনের বাতির কারণে যে কার্বন নিঃসরণ হচ্ছে তার মোট পরিমাণ উড়োজাহাজ ও জাহাজের চেয়েও বেশি।