ইসরায়েলের গোলান স্বীকৃতি নিয়ে আলোচনা হয়নি: বোল্টন
ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিতে তেল আবিবের সার্বভৌমত্বের দাবিকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা নিয়ে মার্কিন প্রশাসন কোনো আলোচনা করছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর সিরিয়ার কাছ থেকে গোলানের বেশিরভাগ অংশ দখলে নিয়ে নিজেদের ভূখণ্ডভুক্ত করেছিল তেল আবিব। ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
মে মাসে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কয়েক মাসের মধ্যেই গোলান মালভূমিতে তাদের সার্বভৌমত্ত্বকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে বলে জানিয়েছিলেন। কিন্তু বোল্টন ইসরায়েলি ওই কর্মকর্তার সম্পূর্ণ বিপরীত কথা বললেন।
“এ পরিকল্পনা নেওয়ার পরামর্শের কথা শুনেছি আমি। তবে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। মার্কিন সরকারে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তও হয়নি,” রয়টার্সকে এমনটিই বলেছেন চলতি সপ্তাহে ইসরায়েল সফর করা জন বোল্টন।
গোলান নিয়ে ইসরায়েলের দাবির কারণ বুঝতে পারলেও ‘যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি’ বলেও মন্তব্য করেন তিনি।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখলে চলে যাওয়া পশ্চিম তীর, গাজা উপত্যাকা ও পূর্ব জেরুজালেমের অংশ ফেরত চায় ফিলিস্তিনিরা, তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়।
কূটনৈতিক যোগাযোগ ফের শুরুর বিষয়ে ট্রাম্প প্রশাসন আগ্রহ দেখালেও গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শীতল প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে ট্রাম্পের স্বীকৃতি এবং সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর ইসরায়েল আসকারা পেয়ে অধিকৃত গোলান মালভূমিতেও ওয়াশিংটনের স্বীকৃতি পাওয়ার চেষ্টা নিয়েছে।
তারা মার্কিন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে এবং গোলান মালভূমির বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচ্যসূচির প্রথমে রয়েছে বলেও ইসরায়েল এর আগে দাবি করেছে।
যুক্তরাষ্ট্র গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিলে তা ইরানের জন্য একটি সতর্কবার্তা হবে বলে যুক্তি দিচ্ছে তেল আবিব।
