২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব ট্রাম্পের নির্দেশে, দোষ স্বীকার করে বললেন কোহেন

গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় আর্থিক অনিয়মের অভিযোগ আদালতে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 01:58 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

নির্বাচনে বিরূপ প্রভাব এড়ানোর উদ্দেশ্যেই ‘প্রার্থীর নির্দেশনায়’ তিনি এমনটি করেছিলেন বলে আদালতকে জানিয়েছেন কোহেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিল দাবি করা দুই নারীর মুখ বন্ধ রাখতে তাদের ঘুষ দেওয়ার বিষয়ে কোহেনের এ স্বীকারোক্তি বলে জানিয়েছে বিবিসি, রয়টার্স।

এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। ওই নারীদের মধ্যে একজনকে কোহেনের দেওয়া অর্থ তিনি পরিশোধ করেছিলেন বলে মে মাসে স্বীকার করেছেন ট্রাম্প, তবে এর আগে এ বিষয়ে কোনো কিছু জানার কথা অস্বীকার করেছিলেন তিনি।

মঙ্গলবার ৫১ বছর বয়সী কোহেন কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতিসহ তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগ মেনে নিয়েছেন। সম্ভাব্য কারাদণ্ড ৬৫ বছর থেকে পাঁচ বছর তিন মাসে নামিয়ে আনতে সরকারি কৌঁসুলিদের সঙ্গে এক সমঝোতার ভিত্তিতে এসব অভিযোগ স্বীকার করে নেন তিনি।

একইদিন ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ায় ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টও ব্যাংক জালিয়াতি ও কর ফাঁকির দায়ে অভিযুক্ত হয়েছ্নে।

কোহেন ও ম্যানাফোর্টের মামলাগুলো যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে প্রেসিডেন্ট নিজেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন এমন ধারণা গতি পেয়েছে।

ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক তৃতীয় উইলিয়াম পলিকে কোহেন বলেন, ‘ফেডারেল দপ্তরের জন্য প্রতিদ্বন্দ্বিতারত এক প্রার্থীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, তার দিকনির্দেশনায়’তিনি দুই নারীর মুখ বন্ধে অর্থ দেওয়ার ব্যবস্থা করেছিলেন ‘যার প্রধান উদ্দেশ্য ছিল নির্বাচনের ওপর প্রভাব বিস্তার’। 

‘প্রাপ্তবয়স্ক সিনেমা’র তারকা স্টর্মি ডেনিয়েলস দেওয়া হয়েছিল এক লাখ ৩০ হাজার ডলার ও সাবেক প্লেবয় মডেল কারেন ম্যাকডুগালকে দেড় লাখ ডলার দেওয়া হয়েছিল।

আদালতে কোহেন ট্রাম্পের নাম উল্লেখ করেননি, কিন্তু পরে তার আইনজীবী লেনি ডেভিস বলেছেন, নাম না বললেও কোহেন মার্কিন প্রেসিডেন্টকেই ইঙ্গিত করেছেন।

এক বিবৃতিতে ডেভিস বলেছেন, “শপথের ভিত্তিতে দেওয়া সাক্ষ্যে আজ তিনি (কোহেন) বলেছেন, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দুই নারীর মুখ বন্ধে অর্থ দিতে ডোনাল্ড ট্রাম্পই তাকে নির্দেশনা দিয়েছিলেন।

 “ওই অর্থ দেওয়ার যদি কোহেনের জন্য অপরাধ হয়, তাহলে কেন তা ট্রাম্পের জন্যও অপরাধ হবে না?”

এ মামলার শুরুর দিকে নিজেকে ট্রাম্পের ‘মধ্যস্থতাকারী’ হিসেবে অ্যাখ্যা দিয়েছিলেন কোহেন। প্রেসিডেন্টের হয়ে ‘বুলেটবিদ্ধ’ হতেও রাজি ছিলেন এ আইনজীবী। দোষী সাব্যস্ত হওয়ার দিনে এসে তার অবস্থানের নাটকীয় পরিবর্তন হল। 

কোহেনের এ সাক্ষ্যের ফলে ট্রাম্প বিপাকে পড়তে পারেন বলে মনে করা হলেও মার্কিন আইনে দায়িত্বরত প্রেসিডেন্টকে কোনো অপরাধের দায়ে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা যায় না।

সংবিধান অনুযায়ী, কেবল কংগ্রেসই ‘উচ্চতর অপরাধ ও বেআইনী কাজের’ দায়ে প্রেসিডেন্টকে অভিশংসিত করে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে।

সাবেক আইনজীবী কোহেনের এ ভাষ্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর চাপ বাড়াবে বলেও মনে করা হচ্ছে। বছরের শেষ দিকে হওয়া এ নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেটরা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালাচ্ছে।