২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে রয়টার্স সাংবাদিকদের বিচারের রায় ২৭ অগাস্ট

রাষ্ট্রীয় গোপন নথি অবৈধভাবে সংগ্রহের অভিযোগে মিয়ানমারে কারান্তরীণ বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের বিচারের রায় ঘোষণা করা হবে ২৭ অগাস্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Aug 2018, 10:47 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর মামলার বিচারক সোমবার রায় ঘোষণার এ তারিখ জানান।

দুই সাংবাদিকের আইনজীবীরা বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম হত্যার খবর প্রকাশ রুখে দিতে পুলিশ এ দুই সাংবাদিককে ‘ফাঁদে’ ফেলেছে।

আইনজীবী খিন মাউং জ বলেন, “সত্য প্রকাশ করা একজন সাংবাদিকের দায়িত্ব। কেউ কেউ ওই সত্য প্রকাশকে মেনে নিতে পারেনি।”

দুই সাংবাদিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলার যে অভিযোগ করা হয়েছে তা প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তিনি।

উপনিবেশ আমলের ‘অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট’ বা দাপ্তরিক গোপনীয়তা আইনের অধীনে ইয়াংগুনের একটি আদালতে এ বছর জানুয়ারিতে দুই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সোয়ে ও’র (২৮) বিচার চলছে।

এ আইনে সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড।

গত বছর দুই সাংবাদিককে যখন গ্রেপ্তার করা হয় তখন তারা রাখাইনে সেনাঅভিযানের মধ্যে একটি গ্রামে ১০ রোহিঙ্গাকে একসঙ্গে গুলি করে হত্যার পর লাশ পুঁতে ফেলার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছিলেন।

রয়টার্সে ওই প্রতিবেদন প্রকাশের পর মিয়ানমার সেনাবাহিনী শুরুতে অস্বীকার করলেও পরে ওই ১০ রোহিঙ্গাকে হত্যার কথা স্বীকার করে নেয়।

২০১৬ সালে রয়টার্সে যোগ দেওয়া সাংবাদিক ওয়া লোন রাখাইন রাজ্যে রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন ঘটনার সংবাদ প্রকাশ করেছেন। আর কিয়াও সো ও গতবছর সেপ্টেম্বর থেকে রয়টার্সের প্রতিবেদক হিসাবে কাজ করে আসছিলেন।

ইয়াঙ্গনে পুলিশ কর্মকর্তাদের এক  ডিনারের আমন্ত্রণে যাওয়ার পর গত ১২ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। সরকার পক্ষ থেকে বলা হয়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গোপন নথিপত্র ছিল তাদের কাছে।

পরিবারের সদস্যদের পরে তারা বলেছিলেন, ইয়াঙ্গনের এক রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে নিয়ে দুই পুলিশ সদস্য তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেন এবং এর পরপরই সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন দুই সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানালেও মিয়ানমার সরকার তাতে সাড়া দেয়নি।