২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় জলহস্তির কামড়ে পর্যটকের মৃত্যু

কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করার সময় কেনিয়ায় জলহস্তির কামড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 01:47 PM

Updated : 08 Apr 2022, 06:51 PM

দেশটির রাজধানী নাইরোবি থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বন্যপ্রাণী অবকাশ কেন্দ্র লেক নাইভাশাতে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে, জানিয়েছে বিবিসি।

জলহস্তিটি ৬৬ বছর বয়সী চ্যাং মিং চুয়াং এর বুকে কামড় বসিয়ে দিয়েছিল। এ ঘটনায় তার সঙ্গী আরেক তাইওয়ানিজও আহত হয়েছেন।

এ নিয়ে চলতি বছর কেনিয়ার এই এলাকায় জলহস্তির কামড়ে ছয় জন নিহত হলেন।

জলাশয়ের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জলহস্তিগুলো ওই অবকাশ কেন্দ্রের প্রাঙ্গণে উঠে ঘুরাফিরা করছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এই প্রাণীগুলোকে স্থলের সবচেয়ে বড় প্রাণঘাতী স্তন্যপায়ী হিসেবে বিবেচনা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোপা হোটেলের প্রাঙ্গণে ওই দুই জন ওই জলহস্তিটির খুব কাছে চলে গিয়েছিলেন। জলহস্তি কামড় দেওয়ার পর আহতের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সামান্য আহত অপর পর্যটক য়ু পেং তে-কে নাইভাশা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি থেঁতলানো ধরনের ব্যথা পেয়েছেন।

প্রথমে ওই দুই পর্যটককে চীনা নাগরিক হিসেবে শনাক্ত করেছিল কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস। পরে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজেদের নাগরিক বলে শনাক্ত করে। তাইওয়ানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা কেনিয়া তাইওয়ানের ওপর চীনের মালিকানার দাবিকে সমর্থন করে।

লেক নাইভাশা বোট ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেভিড কিলো কেনিয়ার স্টার সংবাদপত্রকে বলেছেন, পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জলহস্তিদের চারণভূমি কমে গেছে, এই কারণে প্রাণীগুলো আশপাশের খামার ও হোটেল প্রাঙ্গণগুলোতে উঠে আসতে বাধ্য হচ্ছে, এ কারণেই হিংস্র এ প্রাণীগুলোর সঙ্গে লোকজনের বেশি সংস্পর্শ ঘটছে।

জলহস্তি নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তারা প্রাণীগুলোকে অনুসরণ করছে বলে জানিয়েছে কেনিয়া ওয়াইল্ডলাইফ।

জলহস্তিদের ওজন ২,৭৫০ কেজি পর্যন্ত হতে পারে এবং এদের ধারালো দাঁত আছে। প্রতি বছর আফ্রিকায় প্রাণীটির আক্রমণে গড়ে ৫০০ লোকের মৃত্যু হয়।

গত বছর ১৪ লাখ পর্যটক কেনিয়ার ভ্রমণ করেছেন, এতে দেশটির ১২০ কোটি ডলার আয় হয়েছে।