২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় উড়োজাহাজের ধ্বংসস্তুপে জীবিত বালক

ইন্দোনেশিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন মারা গেলেও ধ্বংসস্তুপ থেকে ১২ বছরের এক বালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 07:25 PM

Updated : 08 Apr 2022, 06:51 PM

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে স্ট্রেচারে শুয়ে থাকা বালকটিকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।

বিবিসি জানায়, রোববার সকালে পাপুয়া নিউ গিনি সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

ধ্বংসাবশেষ থেকে আটজনের মৃতদেহ এবং ওই একজন বালককেই জীবিত উদ্ধারের কথা জানান পাপুয়া প্রদেশের সামরিক বাহিনীর মুখপাত্র।

আগের দিন বিকালে পাপুয়ার ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে ‘পিলাটাস পিসি-৬ পোর্টার’ উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

তানাহ মেরাহ থেকে উড়াল দেওয়া প্রাইভেট চার্টার কোম্পানি ‘ডিমোনাম এয়ার’র ওই উড়োজাহাজে দুই ক্রুসহ মোট নয়জন আরোহী ছিল।

স্থানীয় গ্রামবাসীরা ‘বিকট আওয়াজের পর বিস্ফোরণের শব্দ’ পেয়েছেন বলে জানান।

দুর্গম ওই পাহাড়ি এলাকায় যাতায়াতের একমাত্র উপায় আকাশ পথ। কিন্তু আবহাওয়া দ্রুত পরিবর্তন হওয়ায় সেখানে বিমান চালনাও বেশ কঠিন।

তিন বছর আগে ওকসিবিল বিমানবন্দরের কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছিল।