২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বন্দুক লড়াইয়ে পুলিশ নিহত, আহত ৫

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 02:19 PM

Updated : 08 Apr 2022, 06:51 PM

রোববার সকালের এ ঘটনায় রাজ্য পুলিশের এক সদস্য ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই সদস্য আহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক টুইটে জানিয়েছে কাশ্মির জোন পুলিশ।

নগরীর বাতমালু এলাকার ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা।

গোলাগুলিতে আহত এক বিচ্ছিন্নতাবাদীকে খুঁজছে পুলিশ। যে বাড়িটিতে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে ছিল ওই বাড়ির মালিকও আহত হয়েছেন বলে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

বাতমালু এলাকাগামী সব রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকাটিতে সরু কয়েকটি গলি থাকায় নিরাপত্তা বাহিনীকে খুব সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কর্তৃপক্ষ   শ্রীনগরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। 

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নগরীতে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে ভোর থেকে বাতামালুতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করলে দুপক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়ে যায়। 

দুপক্ষের লড়াই চলাকালে পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত ও সিআরপিএফের দুই জওয়ান গুলিবিদ্ধ হন বলে এক টুইটে জানিয়েছেন তিনি।

গোলাগুলি বন্ধ হওয়ার পর ওই এলাকায় লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে চিরুনি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।