ইয়েমেনে শিশুদের বাসে সৌদি জোটের হামলায় নিহত ৪৩
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সা’দা প্রদেশে স্কুল পড়ুয়া শিশুদের বহনকারী একটি বাসে সৌদি-আরব নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে।
এতে ২৯ শিশু নিহত এবং ৩০ শিশু আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।বিদ্রোহী হুতি মুভমেন্ট পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা সব মিলিয়ে ৪৩ এবং আহতের সংখ্যা ৬১ উল্লেখ করেছে।
রেডক্রস জানিয়েছে, প্রাদেশিক হাসপাতালে ২৯ শিশুর মৃতদেহ নেওয়া হয়েছে। তাদের সবারই বয়স ১৫ বছরের কম। এছাড়া, আহত আরো ৪৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৩০ জনই শিশু।
বৃহস্পতিবার এ বিমান হামলার সময় বাসটি সা’দা প্রদেশের দাহিয়ান মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিল। বাসটিতে স্থানীয় লোকজনসহ বহু স্কুল শিশুও ছিল।
হুতি পরিচালিত আল মাসিরা টিভি বিমান হামলায় ৪৭ জন নিহত এবং ৭৭ জন আহত হওয়ার খবর জানিয়েছে এবং স্কুলড্রেস পরা কয়েকটি ছোট শিশুর মৃতদেহের গ্রাফিক ছবিও দেখিয়েছে।
বাসটি হামলার লক্ষ্য ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে সৌদি কোয়ালিশনের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি বলেছেন, হামলাটি আন্তর্জাতিক আইন মেনে বৈধভাবেই চালানো হয়েছে। এর লক্ষ্য ছিল ওই জঙ্গিরা যারা বুধবার রাতে দক্ষিণাঞ্চলীয় সৌদি নগরী জিজানে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল।
সেখানে কাছাকাছি আমরান প্রদেশ থেকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইয়েমেনি অধিবাসী নিহত এবং ১১ জন আহত হয় বলে জানান তিনি।
তুর্কি আল মালকি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে শিশুদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহারের অভিযোগও করেছেন।
ওদিকে, হুতি মুভমেন্টের মুখপাত্র মোহাম্মদ আব্দুল-সালাম বলেছেন, কোয়ালিশন বাহিনী বেসামরিক নাগরিকের জীবনকে আমলেই নেয়নি। তারা নগরীর একটি ব্যস্ত জনসমাগম এলাকায় হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক আইনের আওতায় কোনো যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে বলে উল্লেখ করেছে রেডক্রস। ‘সেভ দ্য চিলড্রেন’ এ হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে ঘটনাটির পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত আহ্বান করেছে।
সা’দা প্রদেশে এ হামলার পর ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে।
