২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না: জারিফ

ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার মার্কিন পরিকল্পনা সফল হবে না বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 03:59 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

জারিফের উদ্ধৃতি দিয়ে বুধবার দৈনিক ইরান সংবাদপত্র এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে তেল না কেনার জন্য আমদানিকারক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করেছেন তারা।

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী বন্ধ করতে এবং সিরিয়া ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোতে ইরানের জড়িয়ে পড়া বন্ধে চাপ সৃষ্টি করতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

“এই সরল ও অসম্ভব ধারণা যদি আমেরিকানরা ধরে রাখে তাহলে তাদের এর ফলাফলও জানতে হবে। ইরান তেল রপ্তানি করতে পারবে না আর অন্যরা করবে, এটা ভাবা তাদের উচিত নয়,” ইরান সংবাদপত্রকে বলেছেন জারিফ।

যুক্তরাষ্ট্র যদি ইরানের তেল রপ্তানিতে বাধা দেওয়ার উদ্যোগ নেয় তাহলে তারা মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এমন ইঙ্গিত দিয়েছেন।

এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে ইরানকে গুরুতর ফলাফলের মুখোমুখি হতে হবে।

জারিফ বলেছেন, “মার্কিনিরা ইরানের বিরুদ্ধে একটি ফাঁদ পেতেছে। এই ফাঁদে পড়ে গিয়ে যুদ্ধ যুদ্ধ খেলার জন্য আমেরিকার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারি না আমরা।” 

গত মাসে ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

জারিফ জানিয়েছেন, অতীতে আমেরিকার সঙ্গে আলোচনায় ওমান ও সুইজারল্যান্ড মধ্যস্থতা করেছিল, কিন্তু এখন মধ্যস্থতাকারীর মাধ্যমে বা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না।