হয় ইরান নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করুন: বিশ্বকে হুঁশিয়ারি ট্রাম্পের
‘কেউ ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না’, ইরানের ওপর নিষেধাজ্ঞা নতুন করে আরোপের পর বিশ্বের অন্যান্য দেশকে এভাবেই কড়া হঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার এক টুইটে ইরানের ওপর পুনর্বহাল করা এ নিষেধাজ্ঞাকে ‘এ যাবৎকালের সবচেয়ে কঠোর’ বলে অভিহিত করেন ট্রাম্প।
তিনি বলেন,“ইরানের ওপর সর্বকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নভেম্বরে তা আরো কঠোর পর্যায়ে নিয়ে যাওয়া হবে।”
“ইরানের সঙ্গে ব্যবসা করা ফার্মগুলো যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবে না। আমি বিশ্ব শান্তির দাবি জানাচ্ছি, এর চেয়ে কম কিছু নয়।”
ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো কার্যকর হয়েছে মঙ্গলবার সকালের দিকে।
ট্রাম্প এ বছর মে মাসে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে সরে আসেন। ওই চুক্তির শর্তানুযায়ী, ইরানের ওপর থেকে যেসব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলোকেই প্রথম পর্যায়ে পুনরায় বহাল করেছেন ট্রাম্প।
মঙ্গলবার এ মর্মে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের ব্যাংক নোট, ইরানিদের স্বর্ণ ও অন্যান্য মূল্যবান জিনিসের ব্যবসা,মার্কিন ডলার ক্রয়, ধাতু আমদানি-রপ্তানি, কয়লা, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও অটোমোবাইল খাতও রয়েছে।
এরপর দ্বিতীয় পর্যায়ে ৫ নভেম্বর থেকে ইরানের গুরুত্বপূর্ণ তেল সংশ্লিষ্ট খাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় পড়বে ইরানের জ্বালানি,শিপিং খাত এবং পেট্রোলিয়াম ব্যবসাও।
বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরানের অর্থনীতি তেল রপ্তানির উপর অনেকাংশে নির্ভরশীল। ফলে দেশটির তেল খাতের ওপরেও নিষেধাজ্ঞা কার্যকর হলে তা মারাত্মক ফল বয়ে আনতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে ইরানের অর্থনীতি।
ইরানের প্রতিক্রিয়া
নিষেধাজ্ঞা নতুন করে বহালের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ‘কূটনৈতিক প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’, বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি বলেন, “এ পদক্ষেপ এক মনস্তাত্বিক যুদ্ধ। ইরানিদের মধ্যে বিভক্তি সৃষ্টি করাই যার লক্ষ্য।"
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে হলে ইরানের কেবল একটি সুযোগই আছে। তা হচ্ছে, আরো কঠোর একটি পরমাণু চুক্তি করার জন্য ট্রাম্পের আলোচনার প্রস্তাব মেনে নেওয়া।
কিন্তু ইরানের প্রেসিডেন্ট রুহানি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন,“নিষেধাজ্ঞা মাথায় নিয়ে আলোচনার কোনো অর্থ হয় না। আমরা সব সময়ই কূটনৈতিক প্রক্রিয়া বা আলোচনার পক্ষে.. কিন্তু আলোচনা সততার সঙ্গে হওয়া প্রয়োজন।”
ট্রাম্পের হুঁশিয়ারির লক্ষ্য ইইউ
ইরানে নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সঙ্গে জার্মানির যৌথ উদ্যোগে চালু একটি গাড়ি তৈরি কোম্পানি ব্যবসা বন্ধ করেছে।
ট্রাম্প মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকেই ইরানের সঙ্গে ব্যবসা না করার ব্যাপারে সতর্ক করেছেন বলে মনে করা হচ্ছে।
কারণ, ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি বাঁচানোর চেষ্টায় তেহরানকে নিষেধাজ্ঞার কুফল থেকে রক্ষা করা এবং ইউরোপীয় ফার্মগুলোকে ব্যবসা বন্ধ না করার আহ্বান জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।
কিন্তু এ প্রতিশ্রুতি পূরণ করা কঠিন হচ্ছে। কারণ, ইউরোপীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায় ঝুঁকি নিতে চায় না- এ যুক্তি দেখিয়ে ইরানের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিচ্ছে।
ইইউ’র প্রতিক্রিয়া
জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবারই প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা পারমাণবিক চুক্তিকে ‘বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার ইরানে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তারা এর পাল্টা একটি ব্লকিং আইনও চালুর উদ্যোগ নিয়েছে।
এ আইনবলে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পরও ইরানের সঙ্গে ইউরোপীয় ফার্মগুলোর ব্যবসা নির্বিঘ্নে চলতে পারবে।
