২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের রাশিয়া সম্পৃক্ততা অবশেষে স্বীকার করলেন ট্রাম্প

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে তথ্য পেতে ট্রাম্প টাওয়ারে রুশদের সঙ্গে ছেলের বৈঠকের কথা অবশেষে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 07:08 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

তবে তিনি বলেন, ওই বৈঠক সম্পূর্ণ বৈধ ছিল এবং রাজনীতিতে হরহামেশাই এমনটি হয়ে থাকে।

ট্রাম্প রোববার সকালে এক টুইটে ছেলের ওই বৈঠক এবং এর উদ্দেশ্যের বিষয়টি জানান। ট্রাম্প টাওয়ারে পুতিন-ঘনিষ্ঠ রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠক নিয়ে এটিই ট্রাম্পের প্রথম সরাসরি মন্তব্য।

ট্রাম্পকে জেতাতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। শুরু থেকেই ট্রাম্প এবং রাশিয়া উভয়ই সব অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্তমানে বিশেষ মার্কিন কৌসুলি রবার্ট মুলারের নেতৃত্বাধীন একটি দল নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছে।

প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তথ্য দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছিলেন বলে একটি প্রতিবেদনে জানিয়েছিল ‘নিউ ইয়র্ক টাইমস’।

নাতালিয়ার সঙ্গে ক্রেমলিনের যোগাযোগ আছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

গত বছর জুলাইয়ে ‘নিউ ইয়র্ক টাইমস’ এর ওই প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প পুত্র জোর দিয়ে বলেছিলেন, রুশ আইনজীবী তার বাবার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোনো তথ্য দেননি বা এ সংক্রান্ত কোনো কথাও তাদের মধ্যে হয়নি।

তারা বরং ‘রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে শিশু দত্তক নিয়ে’ আলোচনা করেছেন। রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে বৈঠকে ট্রাম্পের জামাতা জারেড কুশনার ও তার সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টও উপস্থিত ছিলেন।

পরে ওই বৈঠক নিয়ে তাদের তিনজনকেই জিজ্ঞাসাবাদ করে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি।

গত রোববার ওয়াশিংটন পোস্ট, সিএনএনসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম  ২০১৬ সালে ৯ জুনের ওই বৈঠক নিয়ে ছেলের আইনি ঝামেলায় পড়ার আশঙ্কা নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন বলে খবর প্রকাশ করে।

পরে এক টুইটে ট্রাম্প বলেন, “ট্রাম্প টাওয়ারে আমার ছেলের বৈঠক নিয়ে আমি নাকি উদ্বিগ্ন; এটি ভুয়া খবর, সম্পূর্ণ বানোয়াট।”

“একজন প্রতিদ্বন্দ্বীর বিষয়ে তথ্য পেতে ওই বৈঠক হয়েছিল, যা সম্পূর্ণ বৈধ এবং রাজনীতিতে বরাবরই হয়ে থাকে। তা থেকে কিছুই পাওয়া যায়নি।”

“আমি ওই বৈঠক সম্পর্কে জানতাম না!”

যদিও ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, ট্রাম্প আগে থেকেই ওই বৈঠকের কথা জানতেন।

ট্রাম্প এখনও একথা স্বীকার না করলেও প্রতিদ্বন্দ্বীর বিষয়ে তথ্য পেতে রুশ আইনজীবীর সঙ্গে তার ছেলের বৈঠক হওয়ার বিষয়টি এই প্রথম স্বীকার করলেন তিনি। যা তাদের আগের সব বক্তব্যের বিপরীত।

পুরনো খবর:

রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা ‘ট্রাম্প আগেই জানতেন’: কোহেন