২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা ‘ট্রাম্প আগেই জানতেন’: কোহেন

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া রুশ আইনজীবীর সঙ্গে নিজের উপদেষ্টাদের বৈঠকের কথা ট্রাম্প আগেই জানতেন বলে দাবি করেছেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 01:43 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

২০১৬ সালের জুনের ওই বৈঠকে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র ও জামাতা জ্যারেড কুশনারসহ রিপাবলিকান প্রচার শিবিরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডোনাল্ড জুনিয়র যখন বৈঠকের আগেই বাবাকে এ সম্বন্ধে জানাচ্ছিলেন সেসময় নিজেও উপস্থিত ছিলেন, দাবি ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কোহেনের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে চলা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছেও ট্রাম্পের এক সময়কার ঘনিষ্ঠ এ উপদেষ্টা এমনটাই জানিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বলছে বিবিসি।

ট্রাম্প আগে বলেছিলেন, প্রচার শিবিরের কর্মকর্তাদের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠকের বিষয়টি প্রেসিডেন্ট হওয়ারও অনেকদিন পর জেনেছিলেন তিনি।

ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে ‘বিধ্বংসী তথ্য’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনৎস্কায়া ওই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন বলে গত বছর এ সংক্রান্ত বেশ কয়েকটি ইমেইল প্রকাশ করে জানিয়েছিলেন ট্রাম্পের জ্যেষ্ঠপুত্র ডোনাল্ড।

তিনি এবং কুশনার ছাড়াও ট্রাম্প টাওয়ারের ওই বৈঠকে রিপাবলিকান প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টও উপস্থিত ছিলেন।

ট্রাম্প ওই বৈঠকের কথা আগে থেকেই জানতেন বলে কোহেন দাবি করলেও সাবেক এ আইনজীবীর কাছে এ সংক্রান্ত কোনো অডিও টেপ নেই বলে জানিয়েছে সিএনএন ও এনবিসি।

প্লেবয় মডেল কারেন ম্যাকডোগালের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ খরচ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ও তার সাবেক আইনজীবীর দুই বছর আগের এক কথোপকথনের অডিও টেপ নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে তুমুল আলোচনা চলছে।

চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কে কোহেনের কার্যালয়ে তল্লাশি চালিয়ে এফবিআই ওই টেপটি পায় বলে ধারণা করা হচ্ছে।

কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করে ট্রাম্প দুই বছর আগে ওই টেপ রেকর্ডিংয়ের ঘটনাটির নিন্দা জানিয়েছেন।

২০১৬-র জুনে রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়টি ট্রাম্প আগেই জানতেন বলে কোহেনের সর্বসাম্প্রতিক দাবিও উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের এখনকার আইনজীবী রুডি জুলিয়ানি।

কোহেন ‘বিশ্বাসযোগ্য নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।

“এটা সত্য নয়।কেন আপনারা কোহেনের মতো একজনের কথা সত্য হবে বলে আশা করছেন? যে আইনজীবী নিজের মক্কেলের সঙ্গে কথোপকথন লুকিয়ে রেকর্ডিং করতে পারে সে আইনজীবীর কোনো চরিত্রই থাকতে পারে না,” এনবিসিকে এমনটাই বলেছেন রুডি।