২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় বিজ্ঞানী নিহত

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী নিহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 11:28 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

সরকার-পন্থি এবং বিদ্রোহী পক্ষের গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে একথা জানিয়েছে।

নিহত বিজ্ঞানী আজিজ আসবার সিরিয়া সরকারের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন। এ কেন্দ্রের সঙ্গে সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা।

একটি বিদ্রোহী গোষ্ঠী গাড়ি বোমা হামলাটি চালিয়েছে বলে দাবি করেছে। তবে অন্যান্যরাও এ হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় বিজ্ঞানী আসবার গাড়িতে করে ভ্রমণের সময় গাড়িটি বিস্ফোরিত হয়। এতে চালকসহ তিনি মারা যান বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

বিদ্রোহী গোষ্ঠী ‘আবু আমারা স্পেশাল মিশন’ এ হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলো একে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছে।

আসবার সিরিয়ার হামা প্রদেশে পশ্চিমাঞ্চলীয় মাসিয়াফ শহরের যে গবেষণা কেন্দ্রের দায়িত্বে ছিলেন সেটিকে লক্ষ্য করে এর আগে কয়েকবার বিমান হামলাও চলেছে।

সিরিয়া সরকার ওই সমস্ত হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দু’সপ্তাহ আগেও সেখানে একটি বিমান হামলা হয়। সিরিয়ার ওই বিজ্ঞানী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত ছিলেন বলে ইসরায়েল অভিযোগ তুলেছিল।

তাছাড়া, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের কারণে আসবারের নাম ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

তার মৃত্যুর ব্যাপারে সিরিয়া সরকার কোনো মন্তব্য করেনি। তবে সরকার-পন্থি কর্মীরা বিধ্বস্ত গাড়ির একটি ছবি অনলাইনে পোস্ট করে সেটি বিজ্ঞানী আসবারের বলে জানিয়েছে।