২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কোন্নয়নে কাজ করবেন হলিউড অভিনেতা সিগাল

যুক্তরাষ্ট্রের সঙ্গে মানবিক বন্ধন দৃঢ় করতে হলিউড অভিনেতা স্টিভেন সিগালকে ‘বিশেষ দূত’ নিযুক্ত করেছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 07:47 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার তাদের ফেইসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এতে বলা হয়, মার্কিন অভিনেতা সিগাল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মানুষের মেলবন্ধনে এবং শিল্প-সংস্কৃতি ও তরুণদের ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদানে ভূমিকা রাখবেন।

১৯৮০-৯০ এর দশকে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ানো ৬৬ বছর বয়স্ক এই মার্শাল আর্ট তারকা ২০১৬ সালে রাশিয়ার নাগরিকত্ব পান। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সমর্থক এবং ঘনিষ্ঠ বন্ধুও।

সিগালকে রুশ নাগরিকত্ব মঞ্জুর করে পুতিন বলেছিলেন, “মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার বিবাদমান সম্পর্ক উন্নয়নের সূচনা হওয়ার পথে এটি একটি প্রতীক হয়ে থাকবে বলেই তিনি আশা করেন।”

কিন্তু তারপর থেকে দুই দেশের মধ্যে কেবল সম্পর্কের অবনতিই হয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মস্কোর বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। সিরিয়া এবং ইউক্রেইন নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ আছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সিগালকে জাতিসংঘের শুভেচ্ছা দূতের মতই একজন দূত হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি তার কাজের জন্য কোনো বেতন পাবেন না।

সিগাল রাশিয়ার দর্শকশ্রোতাদের কাছেও একজন জনপ্রিয় অভিনেতা। এ তারকার বিরুদ্ধে কয়েকজন নারীর যৌন হয়রানির অভিযোগও আছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে হাজির হয়ে কখনো কখনো নিজের ক্যারিয়ার এবং মতামত নিয়ে কথা বলেন সিগাল। সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিতে রাশিয়া সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন।

এখন রাশিয়ার ‘বিশেষ প্রতিনিধি’ হিসাবে নিয়োগ পাওয়ায় একে স্বাগত জানিয়েছেন সিগাল।

ক্রেমলিনের আরটি টিভিতে তিনি বলেন, “রাশিয়া-আমেরিকা সম্পর্ক উন্নয়নে যথাসাধ্য সহায়তা করার প্রবল ইচ্ছা এবং আকাঙ্খা আমার সবসময়ই আছে। এ লক্ষ্যে আমি নিজে থেকেই বহু বছর ধরে নিরন্তর কাজ করে এসেছি। আর এখন আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ।”

সিগাল ২০১৬ সালে সার্বিয়ারও নাগরিকত্ব পান। বলকান রাষ্ট্রটিতে কয়েকবার ভ্রমণ করার পর এ নাগরিকত্ব পান তিনি।