সুইজারল্যান্ডের বনে বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন নিহত
সুইজারল্যান্ডের একটি বনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালের এ ঘটনায় বনে আগুন ধরে গেলে বিমানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সুইজারল্যান্ডের নিডভালডেন প্রদেশের রেং গিরিপথ এলাকার বনের একটি অগম্য স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
“ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার আগে, বনের ওই অংশটিতে যে আগুন লেগেছিল হেলিকপ্টার ব্যবহার করে তা নিভিয়ে ফেলা হয়েছে এবং ধ্বংসস্তূপের কাছে পৌঁছতে বন পরিষ্কার করে একটি পথ বের করা হচ্ছে,” এক বিবৃতিতে বলেছে পুলিশ।
স্বজনদের সংবাদ জানানোর পর নিহতের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
বিমান বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।
