২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব: অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দেখা দেওয়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 12:59 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

নতুন করে যেসব এলাকায় ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে, সেগুলোর উগান্ডা ও রুয়ান্ডা সীমানার কাছাকাছি হওয়ায় কঙ্গোর বাইরেও হাজার হাজার কিলোমিটার এলাকায় ইবোলা বিস্তৃত হতে পারে জানিয়ে বৃহস্পতিবার ডব্লিউএইচও-র কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক হতে দেশগুলোকে পরামর্শও দিয়েছেন।

উগান্ডা সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে নর্থ কিভু প্রদেশের অন্তর্গত ৬০ হাজার অধিবাসীর শহর মানগিনাতে নতুন করে চারজনের শরীরে ইবোলার উপস্থিতি পাওয়া গেছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়।

শহরটির আশপাশে অজ্ঞাত রক্তক্ষরণে আরও ২০ জনের মৃত্যুরও খবর দিয়েছে তারা। জুলাইয়ের শেষেরদিকে এ প্রাণহানি হয় বলে জানিয়েছে রয়টার্স।

নতুন করে ভাইরাসটির সংক্রমণের কথা জানানোর সপ্তাহখানেক আগেই উত্তর-পশ্চিমাঞ্চলের ইবোলা মহামারি নির্মূলের ঘোষণা দিয়েছিল মধ্য আফ্রিকার এ দেশটি।

এপ্রিলের ওই দফা সংক্রমণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

“ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জন্য ঝুঁকি অনেক বেশি বলেই আমাদের অনুমান। সীমানার কাছাকাছি হওয়ায় অঞ্চলের অন্যান্য দেশ বিশেষ করে উগান্ডার জন্যও এটি তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ,” বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রতিক্রিয়া বিভাগের প্রধান পিটার সালামা।

“আমরা হাজার হাজার কিলোমিটার এলাকার ঝুঁকি নিয়ে বলছি, যদিও এটি একেবারেই প্রাথমিক পর্যালোচনা,” বলেছেন তিনি।

১৯৭৬ সালে কঙ্গোর উত্তরাঞ্চলীয় ইবোলা নদীর কাছে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। তারপর থেকে এ নিয়ে দশম বারের মতো দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটলো।

অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছে রয়টার্স।

ধারণা করা হয়, বাদুড়ের মাধ্যমে দূরদূরান্তের এলাকায় ইবোলা ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

কঙ্গোতে এটি বাজারে বিক্রি হওয়া বন্যজন্তুর মাংসের মাধ্যমেও ছড়াতে পারে বলে সন্দেহ বিশেষজ্ঞদের।

তীব্র জ্বর, বমি ও ডায়রিয়ার মাধ্যমে মানবদেহে ভাইরাসটির উপস্থিতি টের পাওয়া যায়। মানবদেহ থেকে নির্গত তরলের মাধ্যমেও পরে ইবোলা অন্য শরীরে ছড়িয়ে পড়তে পারে।

কেবল ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ইবোলার সংক্রমণে অন্তত ১১ হাজার ৩০০ ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।

পুরনো খবর:

কঙ্গোর পূর্বাঞ্চলে ফের ইবোলার প্রাদুর্ভাব