২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর পূর্বাঞ্চলে ফের ইবোলার প্রাদুর্ভাব

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে ফের ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 02:36 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

দেশটির পূর্বাঞ্চলীয় মানগিনা শহরে ও এর আশপাশে হেমারেজিক জ্বরে ইতোমধ্যেই ২০ জন মারা গেছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ঘনবসতিপূর্ণ এই শহরটি পূর্বাঞ্চলীয় বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং উগান্ডার সীমান্ত থেকে ১০০ কিলোমিটার ভিতরে। তবে কবে এদের মৃত্যু হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।     

পূর্বাঞ্চলে আরও চারজনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। 

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ইবোলায় ৩৩ জনের মৃত্যুর পর প্রাদুর্ভাব শেষ হওয়ার ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় আবারও দেশটি থেকে ইবোলা সংক্রমণের খবর এল।

১২ জন বিশেষজ্ঞ বৃহস্পতিবার বেনি শহরে পৌঁছে সেখানে অস্থায়ী পরীক্ষাগার স্থাপন করবেন বলে জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্ত এলাকায় কর্মী ও রসদ পাঠানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানোম গেব্রেইয়েসাস।

এ কর্মী ও বিশেষজ্ঞরা এমন একটি এলাকায় যাচ্ছেন যেখানকার গভীর নিরাপত্তা সমস্যা ভাইরাসটি মোকাবেলায় নেওয়া কার্যক্রমকে কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

২০১৪ সাল থেকে সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে কেবল বেনির আশপাশেই হাজারখানেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নর্থ কিভুজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতে ১০ লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

 “এটা সংঘাতমুখর এলাকা; আক্রান্ত জনগোষ্ঠীর কাছে নিরাপদে যাওয়ার ক্ষেত্রে যা সবচেয়ে বড় বাধা,” বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ক উপপরিচালক পিটার সালামা।

কঙ্গোর অন্যান্য অঞ্চলে হওয়া সাম্প্রতিক মহামারিগুলো তুলনামূলক নিরাপদ এলাকায় হয়েছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সহায়তা বিশেষজ্ঞ জেরেমি কোনিয়ানডাইক।

“নর্থ কিভুর কাহিনী ভিন্ন, যা আমাকে খানিকটা বিচলিত করছে,” বলেছেন তিনি।

প্রতিবেশী রুয়ান্ডা ও উগান্ডার সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশটির শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক থাকায় প্রতিবেশী দেশগুলোতেও ইবোলা ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন প্রাদুর্ভাবটির সঙ্গে শেষ সদ্য হওয়া প্রাদুর্ভাবটির কোনো যোগসূত্র মেলেনি বলে জানিয়েছে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়। এপ্রিলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হওয়া ওই প্রাদুর্ভাবের এলাকাটি বর্তমান এলাকাটি থেকে আড়াই হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

১৯৭৬ সালে কঙ্গোর উত্তরাঞ্চলীয় ইবোলা নদীর কাছে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। তারপর থেকে এ নিয়ে ১০ম বারের মতো দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটলো। অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছে রয়টার্স।

ধারণা করা হয়, বাদুড়ের মাধ্যমে দূরদূরান্তের এলাকায় ইবোলা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এটি বাজারে বিক্রি হওয়া বন্যজন্তুর মাংসের মাধ্যমেও ছড়াতে পারে বলে সন্দেহ বিশেষজ্ঞদের।

তীব্র জ্বর, বমি ও ডায়রিয়ার মাধ্যমে মানবদেহে ভাইরাসটির উপস্থিতি টের পাওয়া যায়। মানবদেহ থেকে নির্গত তরলের মাধ্যমেও পরে ইবোলা অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে।

কেবল ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ইবোলার সংক্রমণে অন্তত ১১ হাজার ৩০০ ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।