২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড বিলোপে কাজ করে যাওয়ার ঘোষণা পোপের

পোপ ফ্রান্সিস বলেছেন, মৃত্যুদণ্ড কখনই গ্রহণযোগ্য নয়। আর তাই বিশ্বব্যাপী এ দণ্ড বিলুপ্ত করার জন্য ক্যাথলিক চার্চ কাজ করে যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 01:23 AM

Updated : 08 Apr 2022, 06:48 PM

পোপ বৃহস্পতিবার এ ঘোষণা দেন বলে জানিয়েছে ভ্যাটিকান। এর মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের শিক্ষা বদলে দিলেন পোপ।

চার্চের ক্যাথলিক মতবাদে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। কয়েকটি নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে যা সমুচিত শাস্তি হিসাবে গণ্য।

কিন্তু রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এখন বলছেন, কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিধান মেনে নেওয়া যায় না।

এ দণ্ডকে “একটি মানুষের শুদ্ধতা এবং মর্যাদার ওপর আঘাত” হিসাবে উল্লেখ করে পোপ বলেন, চার্চ এখন থেকে ‘দৃঢ় সংকল্প’ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কাজ করে যাবে।

মৃত্যুদণ্ড নিয়ে ক্যাথলিক চার্চের পুরোনো মতবাদ পাল্টে দেওয়া এ বাণী বিশ্বব্যাপী বিশপদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে ভ্যাটিক্যান।

পোপ তার নতুন মতবাদে চার্চকে প্রতিটি মানবসত্ত্বার মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরই গুরুত্বারোপে করেছেন।

পোপ এর আগেও মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে কথা বলেছেন। গত অক্টোবরে তিনি মৃত্যুদণ্ড নিয়ে চার্চের নীতি ও ধর্মীয় শিক্ষা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলানো উচিত বলে মন্তব্য করেছিলেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতেও ভ্যাটিকানের সেইন্ট পিটারস স্কয়ারে এক ভাষণে পোপ বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড রহিত করার আহ্বান জানিয়েছিলেন।