২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, আবারো দেখা করার আগ্রহ প্রকাশ

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে দিয়ে কথা রাখার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের সঙ্গে আবার শিগগিরই দেখা করতে চান বলেও জানিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Aug 2018, 09:58 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, “কথামত কোরীয় যু্দ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ পাঠানোর জন্য চেয়ারম্যান কিম জং-উনকে ধন্যবাদ। আপনি অনুগ্রহ করে এমন উদ্যোগ নিয়েছেন, এতে আমি মোটেও বিস্মিত হইনি। তাছাড়া সু্ন্দর একটি চিঠি পাঠানোর জন্যও আপনাকে ধন্যবাদ। শিগগিরই আপনাকে দেখার অপেক্ষায় আছি।”

গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের সময়ই ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিম।

সেকথা রাখতেই যুক্তরাষ্ট্রের মাটিতে ৫৫ টি দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

কোরীয় যুদ্ধের পর থেকে প্রায় ৭ হাজার ৭শ’ মার্কিন সেনার হদিস মেলেনি। এর মধ্যে প্রায় ৫ হাজার ৩শ’ সেনা উত্তর কোরিয়ায় নিখোঁজ হয়েছে।

ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে ধন্যবাদ জানানোর কয়েক ঘণ্টা আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হাওয়াইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাদের দেহাবশেষগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

টুইটে শ্রদ্ধা নিবেদনের এই সুন্দর অনুষ্ঠানেরও প্রশংসা করেন ট্রাম্প। এরপরই আরেকটি টুইটে কিমকে ধন্যবাদ জানান তিনি।

ওদিকে, কিম জুলাইয়ের মাঝামাঝিতে ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় আরেকটি বৈঠক করার আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প ‘সুন্দর চিঠি’র যে কথা উল্লেখ করেছেন তা সেই চিঠিটিই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।