ভর্তি পরীক্ষায় নারীদের নম্বর কমাচ্ছে টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়!
জাপানের টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া নারী পরীক্ষার্থীদের নম্বর ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটি গত আট বছর ধরে একাজ করে আসছে। পুরুষ চিকিৎসকের সংখ্যা বাড়াতে নারী আবেদনকারীরদের নম্বর কেটে তাদের সংখ্যা সীমিত রাখছে তারা।
বিশ্ববিদ্যালয়টির ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে নারীদের ভর্তি পরীক্ষার নম্বর কাটার এ তথ্য উঠে এসেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে জাপানের দৈনিক ইয়োমিউরি শিম্বুন।
পত্রিকাটি জানিয়েছে, টোকিওর এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালের ভর্তি পরীক্ষায় নারীরা অভাবনীয় সাফল্য দেখিয়েছিল। এর পরের বছরই অর্থাৎ, ২০১১ সাল থেকেই প্রিতিষ্ঠানটি নারী শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখতে নম্বর কমানোর প্রক্রিয়া শুরু করে। এ প্রক্রিয়ার কারণে এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ১৪১ জন পুরুষের বিপরীতে মেয়ে শিক্ষার্থী ভর্তি হতে পেরেছে মাত্র ৩০ জন।
গ্র্যাজুয়েশন করার পর বিয়ে, সন্তান জন্ম দেওয়া ও লালন পালনের জন্য অধিকাংশ নারীই মেডিকেল প্র্যাকটিস ছেড়ে দেয়, ‘স্কুল থেকে গড়ে ওঠা এ মানসিকতার কারণেই’ কর্তৃপক্ষ এমন করেছে বলে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইয়োমিউরি শিম্বুন।
বিষয়টি সামনে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল হৈ চৈ শুরু হয়েছে। প্রাইভেট এ বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, তারা নম্বর দেওয়ায় বৈষম্যের এ খবর খতিয়ে দেখবে।
টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফুমিও আজুমা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ঘুষ নেওয়া হয়েছে এমন একটি অভিযোগ নিয়েও এরই মধ্যে অভ্যন্তরীন তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন,“অবশ্যই, তাদেরকে তদন্তে এ বিষয়টিও (নারীদের নম্বর কম দেওয়া) অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাব”। দুটি অভিযোগেরই তদন্ত প্রতিবেদন চলতি মাসের শুরুর দিকে পাওয়া যাবে বলেও ফুমিওর আশা।
‘নারীরা ঔজ্বল্য ছড়াবে’ এমন সমাজ প্রতিষ্ঠায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতিশ্রুতির মধ্যেই টোকিও’র নামকরা এ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নারী আবেদনকারীদের নম্বর কাটার অভিযোগ উঠল।
জন্মহারের পড়তির মধ্যেও জাপানে কর্মক্ষেত্রে প্রবেশাধিকার ও সন্তান জন্মদানের পর ফের ফিরে আসতে চাওয়া নারীদের এখনো তীব্র প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নারীদের জন্য এমন বাধার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন জাপানি নাগরিকরা। বেশকিছু পোস্টারে সমঅধিকার নিশ্চিতে আরও পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। টোকিও’র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো সর্বত্রই এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ অনেকের।
জাপানে সম্প্রতি প্রধানমন্ত্রী শিনজো আবে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে অগ্রগামী সমাজ গড়ার চেষ্টা নিয়েছেন। তার এ কর্মসূচির মধ্যে নারীদের প্রতি বৈষম্যের এমন ঘটনা জাতীয়ভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
জাপানে বিশেষজ্ঞ পেশাগুলোতে নারী অংশগ্রহণ খুবই কমে গেছে। গবেষণায় দেখা গেছে, মাত্র ১২ দশমিক ৪ শতাংশ নারী আইনপ্রণেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যানেজারের পদগুলোতে কাজ করছে।
