যুক্তরাষ্ট্রে ত্রিমাত্রিক বন্দুক নির্মাতা সফটওয়্যারের মুক্তি আটকে গেল
যুক্তরাষ্ট্রে ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে আগ্নেয়াস্ত্র বানানোর একটি সফটওয়্যারের মুক্তি আটকে দিয়েছেন সিয়াটলের এক ফেডারেল বিচারক।
ওই সফটওয়্যারটির মাধ্যমে ভোক্তারা সহজেই এআর-১৫ রাইফেলের মতো বন্দুক ত্রিমাত্রিক প্রিন্টারে ডাউনলোড করে ব্যবহার করতে পারত।
বন্দুকের সহজলভ্যতার সমর্থক গোষ্ঠী ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার থেকে ডাউনলোড করা যায় এমন বন্দুকের ব্লুপ্রিন্ট অনলাইনে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার ডিস্ট্রিক্ট জজ রবার্ট লাসনিকের আদেশে তা আটকে গেল।
বৈধ উপায়ে সফটওয়্যারটি বাজারে ছাড়ার ব্যাপারে জুনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডিফেন্স ডিস্ট্রিবিউটেডের সমঝোতা হয়েছিল। ওই সিদ্ধান্ত আটকাতে সোমবার যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করলে সিয়াটলের বিচারক লাসনিক সফটওয়্যারটির ১ অগাস্ট থেকে মুক্তিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি বলেন, বন্দুকের ব্লুপ্রিন্ট ভুল হাতে পড়ার ঝুঁকি রয়েছে।
“সরকারি কলেজ ও জনসাধারণের অবাধ যাতায়াত আছে এমন স্থানগুলোতেও ত্রিমাত্রিক প্রিন্টার আছে, সেসব জায়গায় অমোচনীয় ক্ষতির সম্ভাবনা বেড়ে যেতে পারে,” ভাষ্য ডিস্ট্রিক্ট জজ রবার্ট লাসনিকের।
ডিফেন্স ডিস্ট্রিবিউটেড বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারটি বাজারে ছাড়ার পরিকল্পনা করলেও শুক্রবার থেকেই তাদের ওয়েবসাইটে এআর-১৫ বন্দুক বানানোর ফাইলটি উন্মুক্ত ছিল।
আমেরিকার অভ্যন্তরে সংঘটিত অসংখ্য গণহত্যায় এআর-১৫ রাইফেলটি ব্যবহৃত হয়েছে। হাজারেরও বেশি ব্যবহারকারী এর মধ্যেই অনলাইন থেকে ওই বন্দুক বানানোর ফাইল ডাউনলোড করে নিয়েছে বলেও জানিয়েছে বিবিসি।
২০১৩ সালে নিজেকে ছদ্ম-নৈরাজ্যবাদী হিসেবে পরিচয় দেওয়া কোডি উইলসন ত্রিমাত্রিক প্রিন্টারে ডাউনলোড করা যায় এমন বন্দুক দেখানোর পর থেকেই এ নিয়ে বিতর্ক শুরু হয়।
ত্রিমাত্রিক প্রিন্টারে বন্দুক বানানোর উপায় ও এ সংক্রান্ত ফাইল ডিফেন্স ডিস্ট্রিবিউটেড তাদের ওয়েবসাইটে উন্মুক্ত করে দিলে লাখ লাখ ব্যবহারকারী তা ডাউনলোডও করে নেয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরে ইন্টারনেট থেকে এ ফাইলগুলো সরিয়ে নেওয়ার আদেশ দিলে শুরু হয় চার বছরের আইনী লড়াই।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্দুক রাখার অধিকার দেওয়া দ্বিতীয় সংশোধনীর সুরক্ষায় নিয়োজিত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ফাউন্ডেশন ও ডিফেন্স ডিস্ট্রিবিউটেড যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে।
চলতি বছরের জুনে সবাইকে বিস্মিত করে বন্দুকের সহজলভ্যতার সমর্থকরা মামলাটি জিতে নিলে মার্কিন বিচার বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকরা চাইলে ত্রিমাত্রিক প্রিন্টেড বন্দুকের প্রযুক্তিগত তথ্যে ‘প্রবেশাধিকার, আলোচনা, ব্যবহার ও পুনরুৎপাদন’ করতে পারে।
আইনী লড়াইয়ে জয়ের পর উৎফুল্ল কোডি উইলসন সেসময় বলেছিলেন, রায়ের মাধ্যমে ‘ডাউনলোড করা যায় এমন বন্দুকের যুগের’ সূচনা হল।
উদ্বিগ্ন সমালোচকরা বলেছিলেন, এর ফলে তথাকথিত ‘ভুতুড়ে বন্দুকের’ পরিমাণ বেড়ে যাবে। অনিবন্ধিত অস্ত্র সম্বন্ধে সরকার অবগত না থাকায় সেগুলোর হদিশও মিলবে না।
ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন সিয়াটলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাটি করেন বলে জানিয়েছে বিবিসি।
পরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, পেনসিলভানিয়া, অরেগন, মেরিল্যান্ড ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াও এ আইনী লড়াইয়ে যুক্ত হয়।
২০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে লেখা চিঠিতে ত্রিমাত্রিক প্রিন্টেড বন্দুকের ব্লুপ্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়া বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
