২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ার নির্বাচনে সবকটি আসনে জয়ের দাবি হুন সেনের দলের

কম্বোডিয়ার সাধারণ নির্বাচনে পার্লামেন্টের ১২৫টি আসনের সবকটিতেই ক্ষমতাসীন পিপলস পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 03:35 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

রোববারের নির্বাচনে কম্বোডিয়ার পিপলস পার্টি (সিপিপি) মোট ভোটের ৭৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে বলে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন দলটির মুখপাত্র সোক এইসান।

“পার্লামেন্টের সব আসনেই আমরা জিতেছি; অন্য দলগুলো একটিও পায়নি,” বলেছেন তিনি।

অনানু্ষ্ঠানিক ফল জানাতে কম্বোডিয়ার নির্বাচন কমিশনের হাতে মধ্য অগাস্ট পর্যন্ত সময় থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটে সিপিপির একচেটিয়া প্রাধান্য দেখা যাবে বলে আগেই ধারণা করেছিলেন পর্যবেক্ষকরা।

এর মাধ্যমে তিন দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা হুন সেনের প্রভাব আরও নিরঙ্কুশ হবে বলেই মনে করা হচ্ছে।

রাষ্ট্রদ্রোহের দায়ে গত বছর কম্বোডিয়ার সরকার দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল রেসকিউ পার্টিকে (সিএনআরপি) বিলুপ্ত ও এর নেতা কেম সোখাকে কারাদণ্ড দিয়েছিল।

ভোটে অংশ নেওয়া অন্য দলগুলোর প্রার্থীরাও হুন সেনের দলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারেরে সময় বাধাদান ও হুমকি দেওয়ার অভিযোগ করেছিল।

সিএনআরপি এ সাধারণ নির্বাচন বয়কটের দাবি জানালেও রোববার নিবন্ধনকৃত ভোটারের ৮২ শতাংশেরও বেশি কেন্দ্রে এসে তাদের রায় দিয়েছেন বলে জানিয়েছে কম্বোডিয়ার নির্বাচন কমিশন।

সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি ভোটের ফল প্রত্যাখ্যানে আহ্বান জানান সিএনআরপির পররাষ্ট্র নীতি বিষয়ক উপ পরিচালক মনোভিথিয়া কেম।

এবারের নির্বাচনে কম্বোডিয়ায় ‘গণতন্ত্রের মৃত্য’ নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন ‘নিরপেক্ষ ও অবাধ হয়নি’, বিরোধীদের এমন দাবির পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও হুন সেনের একাধিপত্যতে অসন্তুষ্টির কথা জানিয়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছে।    

নির্বাচনে কম্বোডিয়ার নাগরিকদের ‘ইচ্ছার প্রতিফলন’ দেখা যায়নি বলে এক বিবৃতিতে বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স।

হোয়াইট হাউসের এ বিবৃতিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে জানান কম্বোডিয়া সরকারের মুখপাত্র ফায়ে সিফান।

“নিজেদের ভাগ্য নির্ধারণে ভোট কেন্দ্রে যাওয়া কম্বোডিয়ার নাগরিকদের বিরুদ্ধে এ বিবৃতি,” বলেছেন তিনি।