২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 10:15 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

এনডিটিভি জানায়, নওয়াজ বুকে ব্যথা অনুভব করছিলেন। এতে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা রোববার কারা কর্তৃপক্ষের কাছে তাকে হাসপাতালে পাঠানোর অনুরোধ করেন।

চিকিৎসকরা নওয়াজের মেডিকেল চেক আপ করার পর  তাকে দ্রুত ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়ার পরামর্শ দেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হাসান আসকারি রিজভি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আদিয়ালা কারাগারের চিকিৎসকরা নওয়াজ শরিফের ইসিজিতে উদ্বেগজনক কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন।”

“আমরা নওয়াজের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকিতে যেতে পারি না। তাই তাকে দ্রুত রাওয়ালপিন্ডি হৃদরোগ ইন্সটিটিউট বা পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে হস্তানান্তরের নির্দেশ কারা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।”

কতদিন নওয়াজকে হাসপাতালে রাখা হবে তা চিকিৎসকদের সিন্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান পাঞ্জাবের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী শওকত জাভেদ।

গত ১৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকছেন।

লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে গত ৬ জুলাই পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়।

জাতীয় নির্বাচনে দল ও সমর্থকদের উজ্জীবিত করতে দণ্ড মাথায় নিয়েই নওয়াজ ও তার মেয়ে দেশে ফিরেছিলেন।

গত ২৫ জুলাইয়ের নির্বাচনে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (১১৫টি আসন) কাছে হেরে যায় নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (৬৪টি আসন)। যদিও দুর্নীতির কারণে আদালত নওয়াজকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে।

২০১৫ সালে ফাঁস হওয়া পানামা পেপার্সে যুক্তরাজ্যে নওয়াজ শরিফের পরিবারের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে।

সম্পদের বিবরণীতে ওই তথ্য গোপন করায় গতবছর জুলাই মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করলে তিনি পদত্যাগে বাধ্য হন।

আদালতের রায়ে দলীয় প্রধানের পদও ছাড়তে হয় নওয়াজকে। এরপর পিএমএল-এন এর নেতৃত্বে আসেন তার ভাই শাহবাজ শরিফ।

এ বছর এপ্রিলে সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে আজীবন রাষ্ট্রীয় পদে অযোগ্য ঘোষণা করলে তার ক্ষমতায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়।