২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 07:04 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

দগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে একই পরিবারের দুই শিশু ও এক বৃদ্ধা রয়েছেন। বাকি দুইজন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য।

এখনও ১৭ জন নিখোঁজ রয়েছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

ঝড়ো বাতাসের কারণে দাবানল ‘ফায়ার টর্নেডোর’ রূপ নিয়েছে। বিশাল বিশাল গাছ উপড়ে গাড়ি ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের উপর পড়ছে।

গত সোমবার শাসটা কাউন্টিতে দুর্ঘটনায় একটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেখান থেকে বনে ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে ৪৮ হাজার একরের বেশি এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। আয়তনে যা সান ফ্রান্সিকো নগরীর তুলনায় বড়।

অন্তত পাঁচশ ঘরবাড়ি পুড়ে গেছে। আরো হাজার হাজার ঘরবাড়ি হুমকির মুখে। প্রায় ৩৭ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

দুই সন্তান নিয়ে দৌড়ে কোনো মতে পালিয়ে প্রাণ রক্ষা করা লিজ উইলিয়াম নিজের অভিজ্ঞতার বর্ণনায় বলেন, “আমি জীবনে কখনো এত ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হইনি। আগুন একটি ঝোপের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে আসার আগ পর্যন্ত আমি কিছু বুঝতেই পারিনি। যখন বুঝতে পারি ততক্ষণে আগুন আমাকে ঘিরে ফেলে গিলে খেতে শুরু করেছে।”

মারা যাওয়া শিশু দুইটির মা শেরি ব্লেডসো আগুনে তার পাঁচ বছরের মেয়ে এমিলি রবার্ট, চার বছরের ছেলে জেমস রবার্ট এবং তার দাদী মেলোডি ব্লেডসো মারা যাওয়ার খবর নিশ্চিত করেন।

“তারা রেডিং শহরে আমাদের বাড়িতে উদ্ধারের অপেক্ষায় ছিল।”

মারা যাওয়া মেলোডি ব্লেডসোর স্বামী এড বলেন, তিনি বাজার করতে গিয়েছিলেন। আগুন বাড়ির কাছে পৌঁছে গেছে জেনে তিনি স্ত্রীকে ফোন করেছিলেন।

“কিন্তু আমি বাড়ি ফিরে দেখি সব শেষ হয়ে গেছে। পুলিশ আমাদের বাড়িটি ঘিরে রেখেছে।”

অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কিন্তু আবহাওয়া অফিস থেকে এ সপ্তাহ জুড়ে ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস জানানো হয়েছে। যে কারণে দাবানলের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠার আশঙ্কা করছে অগ্নিনির্বাপক বাহিনী।

ক্যালফায়ার প্রধান কেন পিমলট বলেন, “আমরা আগুনের ঘূর্ণি দেখতে পাচ্ছি.. সত্যি সত্যি মনে হচ্ছে আগুনের টর্নেডো।