২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইহুদি জাতিরাষ্ট্র আইন: নেসেট থেকে পদত্যাগ আরব এমপির

বিতর্কিত ইহুদি জাতিরাষ্ট্র আইন পাসের প্রতিবাদে ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন এক অারব সাংসদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 12:07 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

ওই আইনে ইসরায়েলকে কেবল ইহুদিদের জন্যই বিশেষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর মাধ্যমে অন্য সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে দাবি করে ৬৭ বছর বয়সী জুহের বাহলৌল নেসেট থেকে পদত্যাগ করেন বলে বিবিসি জানিয়েছে।

আইন পাস করার মাধ্যমে ইসরায়েলের পার্লামেন্ট 'বর্ণবাদী' ও 'ধ্বংসাত্মক' আচরণ করেছে বলেও মন্তব্য তার।

ইহুদি জাতিরাষ্ট্র আইনে ইসরায়েলের আনুষ্ঠানিক ভাষা হিসেবে আরবির মর্যাদাও কমানো হয়েছে। জাতীয় স্বার্থে ইহুদিদের বসতিস্থাপনের পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে।

এছাড়া ইসরায়েলের রাজধানী হিসেবে ‘সম্পূর্ণ ও একত্রিত’ জেরুজালেমকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

"ইসরায়েলের আরব জনগোষ্ঠীকে সমতার পথ থেকে সরিয়ে দিয়েছে এ আইন," ইসরায়েলের টিভি নেটওয়ার্ক রেশেত-কে এমনটাই বলেন বাহলৌল।

সপ্তাহ দেড়েক আগে পাস হওয়া বিতর্কিত ওই জাতিরাষ্ট্র আইন নিয়ে ইসরায়েলের আরব জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভও দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

নেসেটের আরব সদস্যদের আইনটির প্রতিলিপি ছিড়ে ফেলতে দেখা গেছে। পার্লামেন্টের ভেতরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় অনেক পার্লামেন্ট সদস্যকে বের করেও দেওয়া হয়।

"আমি নেসেট থেকে পদত্যাগ করছি। আমি কি বেড়ার ওপর বসবো? আমি কি এই ধ্বংসাত্মক, বর্ণবাদী ও উগ্রবাদী পার্লামেন্টকে বৈধতা দেব?," শনিবার বলেন জায়নিস্ট ইউনিয়ন পার্টির সদস্য বাহলৌল।

নেসেটের সদস্য কখনো ছিলেন, নাতি-নাতনীকে এ প্রসঙ্গে কিছুই বলবেন না বলেও জানান এ আরব সাংসদ।

আরব সাংসদরা আইনটির বিরোধিতা করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিল অনুমোদনের ঘটনার প্রশংসা করে একে ‘বাঁকবদলের মুহুর্ত’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

নেতানিয়াহু নেতৃত্বাধীন ডানপন্থি সরকার সমর্থিত বিতর্কিত জাতিরাষ্ট্র অাইনে ইসরায়েলকে ‘ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি’ হিসেবে অভিহিত করা হয়েছে। বলা হয়েছে, ইহুদিরা ইসরায়েলের জাতিগত আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ অধিকার রাখেন।

আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা ঝড়ো অধিবেশনের পর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ৬২-৫৫ ভোটে আইনটি অনুমোদিত হয়।

ইসরায়েলের মোট জনসংখ্যা ৯০ লাখ। এদের প্রায় ২০ শতাংশ আরব, যাদের অধিকাংশই সুন্নি মুসলমান; বাকিরা খ্রিস্টান ও দ্রুজ।

দেশটির আইনে আরব ও ইহুদিদের সমান অধিকার দেওয়া হলেও দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে আসছেন ইসরায়েলি আরবরা।

ভূখণ্ডের ভেতর থাকা আরবদেরকে ইসরায়েল দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে আসছে বলেও দাবি তাদের। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করে আসছেন তারা।

এ পরিস্থিতিতে ‘ইহুদি জাতি রাষ্ট্র’ আইন দেশটিতে জাতিগত বিভেদের রাজনীতি উসকে দেবে বলে আশঙ্কা দেশটির আরব নেতাদের।