যুক্তরাষ্ট্রে ৭শ’১১ শিশু এখনো পরিবার-বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বাবা-মা’র কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া ৭১১ শিশু এখনো আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পরিবারের সঙ্গে মিলিত হতে পারেনি।
এর ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র সরকারের আইনজীবীরা বলেছেন, এই শিশুদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ঠিক মনে করছে না কর্তৃপক্ষ।
আর এদের মধ্যে ৪৩১ শিশুর বাবা-মাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে বলে তাদের কাছে এখনই বাচ্চাদের পাঠানো সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে দিতে আরো অনেক কাজ করার আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তাছাড়া, ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ১২০ শিশুর বাবা-মা সন্তানদেরকে নেওয়ার দাবি ছেড়ে দিয়েছেন। আবার ৬৭ শিশুর বাবা-মা অপরাধের রেকর্ড থাকা কিংবা অন্যান্য আরো কোনো কারণে ‘রেড ফ্ল্যাগ’ পেয়েছেন।
বাকিদের মধ্যে কয়েকটি শিশুর পরিবার সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, কয়েকজনের বাবা-মা সংক্রামক রোগে আক্রান্ত। এ সমস্ত কারণে তাদের কাছে শিশুদের ফিরিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বিবেচনায় তাদেরকে আলাদা রাখা হয়েছে।
ট্রাম্প প্রশাসন বলেছে, তারা আদালতের দেওয়া সময়সীমা মেনে কেবল যে শিশুদেরকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায় বলে মনে করবে তাদেরকেই ফেরত দেবে এবং সে প্রক্রিয়াই চলছে।
মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ বছর এপ্রিল থেকে সীমান্ত এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু হয়।
যে কারণে আড়াই হাজারের বেশি শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করতে বাধ্য হয়। যা নিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।
নিজ দল এমনকি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও স্বামীর এ নীতির সমালোচনা করেন। ফলে গত মাসে ট্রাম্প নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, তারা ১৮শ’র বেশি শিশুকে তাদের বাবা-মায়েদের কাছে ফিরিয়ে দিয়েছে।
সরকারি আইনজীবীদের দাবি, এর মাধ্যমে প্রশাসন আদালতের নির্দেশ পালন করতে সক্ষম হয়েছে। কারণ, বাকি ৭১১টি শিশু বাবা-মা’র কাছে ফিরে যাওয়ার অবস্থায় নেই।
