২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা আর সন্দেহ নিয়ে ভোট শুরু পাকিস্তানে

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাজা ও নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক সন্ত্রাসী হামলার মধ্যেই পাকিস্তানে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 09:56 AM

Updated : 11 Oct 2022, 12:31 PM

বিবিসি লিখেছে, বুধবারের এ নির্বাচনেও সহিংসতা ঘটতে পারে এবং সেনা হস্তক্ষেপে ফল পাল্টে দেওয়ার নানান ধরনের চক্রান্ত ছায়া ফেলতে পারে বলে শঙ্কা রয়েছে।

চারটি প্রাদেশিক সরকার ও পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য ঠিক করতে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি ৬০ লাখ পাকিস্তানি ভোটার নিবন্ধন করেছেন।

স্থানীয় সময় সকাল ৮ টা থেকে শুরু হয়ে দেশটির সাধারণ নির্বাচনের এ ভোটগ্রহণ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে রয়টার্স।

এরপরই শুরু হবে গণনা। বৃহস্পতিবার ভোরের অাগেই বেশিরভাগ অাসনে বিজয়ীদের নাম জানা যাবে; নিশ্চিত হওয়া যাবে একক কোনো দল, নাকি জোট সরকার অাগামী ৫ বছর পাকিস্তানকে নেতৃত্ব দেবে।

নির্বাচনে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির (পিটিঅাই) সঙ্গে ক্ষমতাচ্যুত নওয়াজের পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া নওয়াজ খানিকটা পিছিয়ে পড়ায় ইমরানের দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ বেড়ে গেছে বলে ভাষ্য পর্যবেক্ষকদের।

দেশটির রাজনীতিতে নেপথ্যে থাকা প্রভাবশালী শক্তি সেনাবাহিনীও পিটিঅাই-র পক্ষে বলেও অনেকের ইঙ্গিত।

কেউ কেউ বলছেন, দুর্বৃত্তদের গুলিতে নিহত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর দলও অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে।

বেনজীরের ছেলে বিলাওয়াল ভুট্টো এবারের নির্বাচনে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন।

নানান বিচারবিশ্লেষণে পিএমএল-এন ইমরানের পিটিঅাই-র তুলনায় পিছিয়ে থাকলেও দণ্ড মাথায় নিয়ে দেশে ফিরে নওয়াজ নিজের দলের কর্মী-সমর্থকদের অনেকটাই চাঙা করতে পেরেছেন।

গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের ভোটের ফলও নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ভোটের অাগে বেশ কয়েকটি জনমত জরিপে দীর্ঘদিন ধরে প্রদেশটির ক্ষমতায় থাকা পিএমএল-এনই সেখানে এগিয়ে অাছে বলেও দেখা গেছে।

ভোটের দিনের নিরাপত্তায় কয়েক লাখ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিম্নকক্ষের ২৭২টি অাসনের বিজয়ী ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে। নারী ও সংখ্যালঘুদের জন্য নির্ধারিত ৭০টি অাসন বিজয়ী দলগুলোর মধ্যে সংখ্যানুপাতে বন্টন হবে। তবে মোট ভোটের ৫ শতাংশের নিচে পাওয়া দলগুলোর জন্য এ সুযোগ প্রযোজ্য হবে না।

"এ দেশের ভাগ্য বদলাতে ইমরান খানই একমাত্র ভরসা। তার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতেই অামরা এখানে এসেছি," উত্তর পশ্চিমের শহর পেশোওয়ারের একটি কেন্দ্রে ভোট দেওয়া শেষে বলেন ৩১ বছর বয়সী তোফায়েল অাজিজ।

নির্বাচনী প্রচারে দুর্নীতিবিরোধী লড়াইকে হাতিয়ার বানানো ইমরান পাকিস্তানকে একটি 'ইসলামি কল্যাণ রাষ্ট্রে' পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

করাচিতে শেষ প্রচার শোভাযাত্রায়ও পিটিঅাইপ্রধান দীর্ঘদিন ধরে পাকিস্তানকে শাসন করা অভিজাত মাফিয়াদের হারিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বলেছেন, এতদিনের ক্ষমতাসীনরা জনগণের টাকা লুট করে নিজেদের পকেট ভারি করেছে ও বিদেশে পাচার করেছে।

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার দল কখনোই বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা নওয়াজের পিএমএল-এনের সঙ্গে জোট করবে না বলেও জানান ইমরান।

সেক্ষেত্রে নির্বাচনে জয়ী হলেও সরকার গঠনে ইমরানকে বিভিন্ন অাঞ্চলিক দল ও সেনা সমর্থিত রাজনৈতিক অংশের সমর্থন নিশ্চিত করা লাগবে, মন্তব্য পর্যবেক্ষকদের।

পিটিঅাই সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে না বলেও দাবি করেন সাবেক ক্রিকেটার ইমরান খান। দলটির প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে সেনাবাহিনীও।

কেবল সেনাবাহিনীই নয়, পিএমএল-এনের সন্দেহের তীর বিচারবিভাগের দিকেও। এ কারণেই দুর্নীতির মিথ্যা অভিযোগে নওয়াজকে ফাঁসানো হয়েছে বলেও মনে করছে তারা।

দুর্নীতির দায়ে সাজা হওয়ায় নওয়াজ নির্বাচন করতে না পারায় তার ভাই শাহবাজই এবারের নির্বাচনে পিএমএল-এনের হাল ধরেছেন।

নির্বাচনে যে দলই জিতুক, তাদেরকে দেশটির পড়তে থাকা অর্থনীতিকে চাঙা করতে ব্যবস্থা নিতে হবে।

সন্ত্রাসী বিভিন্ন সংগঠনকে অাশ্রয় প্রশ্রয়ের অভিযোগে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ঘাটতি মেটাতেও ব্যবস্থা নিতে হবে নতুন সরকারকে।

দেশজুড়ে চলমান সন্ত্রাসী অাবহ দূর করাও ক্ষমতাসীনদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবারের নির্বাচনী প্রচারেও একের পর এক সন্ত্রাসী হামলা ও সহিংসতা পাকিস্তানের ভবিষ্যত সম্পর্কে অাশাবাদে ছায়া ফেলেছে।