সন্তান রেখেই যুক্তরাষ্ট্র ছাড়তে হল ৪৬৩ বাবা-মা’কে
অবৈধ অভিবাসী হয়ে প্রবেশের পর সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সাড়ে চারশ’র বেশি বাবা-মা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন।
তারা আর যুক্তরাষ্ট্রে নেই বলে সোমবার আদালতে এক যৌথ ফাইলে জানিয়েছে ফেডারেল গভার্নমেন্ট ও আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন।
যদিও ওই ফাইলে কি কারণে বাবা-মায়েরা যুক্তরাষ্ট্র ছেড়েছেন সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে কয়েকজন সরকারি কর্মকর্তা এর আগে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে তাদের সন্তানদের ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে বিতড়নের কথা স্বীকার করেছিলেন।
ওই ৪৬৩ বাবা- মায়ের অনুপস্থিতির কারণ ‘খুঁজে দেখা’ হচ্ছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবীরা। তারা না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া সন্তানদেরকে পরিবারের সঙ্গে মিলিত করার যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তা পিছিয়ে পড়তে পারে।
দেশটির একটি ফেডারেল আদালতের আদেশ অনুযায়ী,আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিবাসী পরিবারের বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদেরকে তাদের বাবা-মায়ের কাছে পাঠাতে হবে।
আদালতে জমা দেওয়া ফাইল অনুযায়ী,সোমবার ৮৭৯ জন বাবা-মা তাদের সন্তানদের সঙ্গে মিলিত হয়েছেন।
কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন গত এপ্রিল থেকে বিশেষ করে মেক্সিকো সীমান্তে ব্যাপক ধরপাকড় শুরু করে।
তারপর থেকে অবৈধ অভিবাসী পরিবারের প্রায় আড়াই হাজার শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যা নিয়ে দেশে ও দেশের বাইরে তীব্র সমালোচনা শুরু হয়।
বিশেষ করে শিশুদের এভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিপক্ষে এমনকি ফার্স্ট লেডি মেনালিয়া ট্রাম্পও অবস্থান নেন।
যার পরিপ্রেক্ষিতে, গতমাসে সান ডিয়াগো জেলা আদালত সরকারকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের তাদের পরিবারে সঙ্গে মিলিত করার নির্দেশ দেন।
