২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে তীব্র দাবদাহ,জাতীয় দুর্যোগ ঘোষণা

জাপানে শুরু হওয়া তীব্র দাবদাহকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে দাবদাহে অন্তত ৬৫ জন মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 06:49 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

আবহাওয়া ‍অধিদপ্তর থেকে কোথাও কোথাও ‘তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে’ বলে সতর্ক করা হয়েছে।

অধিদপ্তরের মুখপাত্র বলেন, “আমরা কোথা্ও কোথাও নজিরবিহীন তাপমাত্রা লক্ষ্য করেছি। চলমান দাবদাহ জীবনের জন্য হুমকি স্বরূপ এবং আমরা একে জাতীয় দুর্যোগ ঘোষণা করছি।”

এখন পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থদের অধিকাংশই বয়োজ্যেষ্ঠ নাগরিক।

দাবদাহ কমার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এমনকি অগাস্টের শুরুতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার কুমাগায়া নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

রাজধানী টোকিওতে প্রথমবারের মত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

জাপানের অর্ধেকের বেশি সরকারি স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। যে কারণে শিক্ষার্থীদের সুরক্ষায় গ্রীষ্মকালীন ছুটির সময় বাড়ানো হয়েছে।

জনগণকে বেশি করে পানি পান করতে, শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় বা ঘরের ভেতর অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারি বৃষ্টিপাত আকস্মিক বন্যা ও ভূমিধসে দুইশতাধিক মানুষের মৃত্যুর পরপরই দেশটিতে দাবদাহ শুরু হয়।