অন্ধ্র প্রদেশে নৌকা ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫
ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের পূর্ব গোদাবরি জেলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবারের এ ঘটনায় আরও পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
নৌকাটিতে মোট ৪০ জন যাত্রী ছিল। এদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, জেলার তালারিভারিপালেম থেকে পশুভুলঙ্কা যাওয়ার পথে নৌকাটি গৌতমি নদীর একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি ও উদ্ধার অভিযানে সহায়তা করছে।
বিপর্যয় থেকে উদ্ধার পাওয়া আতঙ্কিত স্কুল শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের কয়েকজন বন্ধু এখনও নিখোঁজ রয়েছে।
নদীতে প্রবল স্রোত থাকায় তল্লাশি ও উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। স্রোতের কারণে সাঁতার জানা লোকজনের পক্ষেও সাঁতরে তীরে আসা কঠিন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
পশুভুলঙ্কা এলাকাটির অনেক গ্রাম নদীর মধ্যে ছোট ছোট চরে অবস্থিত হওয়ায় এই এলাকার শিক্ষার্থীদের নৌকা ব্যবহার করতে হয়।
গৌতমি নদীটি গোদাবরি নদীর একটি শাখা।
