যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিশ্চয়ই সম্ভব: ট্রাম্প
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিশ্চিতভাবেই করা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চেকার্সে প্রধানমন্ত্রী মে’র সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ স্তরের বিশেষ সম্পর্ক রয়েছে। ওদিকে, মে বলেন, তারা একটি উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
ট্রাম্প ব্রিটিশ দৈনিক দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে মে’র ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সমালোচনা করার পর চেকার্সে দুই নেতার আলোচনা হয়।
আর এ বৈঠকের পরই মে’র পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাকে ‘অবিশ্বাস্য এক নারী’ বলে প্রসংশা করেন। মে’ কে ‘খুবই কড়া আলোচক’ এবং ‘চমৎকার কাজ করছেন’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ওই সময়ই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে একটি ‘বড় ধরনের’ বাণিজ্য চুক্তি হওয়া সম্ভব। তিনি বলেন, “আমি কয়েকটি রিপোর্ট পড়েছি যেখানে এটি সম্ভব হত না। কিন্তু প্রধানমন্ত্রীর লোকজন, প্রতিনিধিদের সঙ্গে এবং বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমার বিশ্বাস জন্মেছে যে, এটি নিশ্চয়ই করা সম্ভব।”
