কায়রো বিমানবন্দরের কাছে বিস্ফোরণে আহত ১২
মিশরের কায়রো বিমানবন্দরের কাছে জ্বালানি রাখার একটি গুদামে বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ।
‘উচ্চ তাপমাত্রার’ কারণে জ্বালানি রাখার একটি গুদামে বিস্ফোরণ হয় বলে জানান মিশরের সেনাবাহিনীর এক মুখপাত্র।
তবে এ ঘটনায় বিমান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হয়নি বলে নিশ্চিত করেন বিমানপরিবহন মন্ত্রী ইউনুস আল-মাসরি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড বিস্ফোরণের পর গুদামে আগুন জ্বলতে শুরু করে। অনেক দূর থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে ও আগুন দেখতে পাওয়া গেছে।
পরে অগ্নিনির্বাপকবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
